ঢাকার রাস্তায় আবু বকরের ধৈর্য পরীক্ষা করতে চান শাহরিয়ার নাজিম জয়

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর জনপ্রিয় চরিত্র আবু বকরকে নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। পর্দায় আদর্শ স্বামী ও ধৈর্যশীল মানুষের প্রতিচ্ছবি হয়ে দর্শকদের প্রশংসা কুড়ানো এই চরিত্রকে ঢাকার রাস্তায় ছেড়ে দিলে তার ধৈর্যের প্রকৃত পরীক্ষা হতো বলে মন্তব্য করেছেন তিনি।
‘দার-ই-নিজাত’ ধারাবাহিকে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার সিদ্দিকী। চরিত্রটির ব্যক্তিত্ব, আচরণ ও আদর্শ স্বামীর বৈশিষ্ট্য দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে ‘জাতীয় ক্রাশ’ বলেও আখ্যা দিয়েছেন।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘পাকিস্তানের নাটকের জনপ্রিয় চরিত্র আবু বকরকে ঢাকার রাস্তায় ছেড়ে দিলে সে কতটা ধৈর্যশীল এবং ভালো তার পরীক্ষা হয়ে যেত। ক্যামেরার সামনে তো ভালোর অভিনয় করাই যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন।’
জয়ের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকের ধারণা, ঢাকার যানজট ও রাস্তাঘাটের নানা পরিস্থিতির সঙ্গে আবু বকরের ধৈর্যশীলতার বিষয়টি মিলিয়েই এমন মন্তব্য করেছেন তিনি।
এদিকে ‘দার-ই-নিজাত’ ধারাবাহিকের গল্প, চরিত্রগুলোর আচরণ এবং অভিনয়শিল্পীদের পোশাক-সাজসজ্জা নিয়েও দর্শকদের মধ্যে আলোচনা চলছে। বিশেষ করে আবু বকর চরিত্রের ব্যক্তিত্ব ও আদর্শ স্বামীর প্রতিচ্ছবি হয়ে ওঠার বিষয়টি দর্শকদের বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
শাহরিয়ার নাজিম জয় প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মন্তব্য ও পোস্টের কারণে আলোচনায় আসেন। এবার পাকিস্তানি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র আবু বকরকে নিয়ে তার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



