১ নভেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১৬ কার্তিক ১৪৩৩
বিনোদন

ক্যানসার ধরা পড়ার পর ১৫ মিনিটেরও কম সময়ে প্রেমিককে বিয়ে করেন হিনা খান

hina-khan-marriage-husband-rocky

দীর্ঘ ১৩ থেকে ১৪ বছরের প্রেমের সম্পর্ক। তবে বিয়ে নিয়ে কখনো তেমন পরিকল্পনা ছিল না ভারতীয় অভিনেত্রী হিনা খান ও তাঁর প্রেমিক রকি জয়সওয়ালের। কিন্তু স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের অনিশ্চয়তা নতুন করে উপলব্ধি করেন অভিনেত্রী। এরপরই দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লাগে মাত্র ১৫ মিনিটেরও কম।

সম্প্রতি টেনিস তারকা সানিয়া মির্জার নতুন অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের জীবনের এই বিশেষ অধ্যায়ের কথা জানান হিনা। অভিনেত্রী বলেন, দীর্ঘদিন একসঙ্গে পথ চললেও তাঁদের মধ্যে বিয়ে নিয়ে আগে কোনো আলোচনা বা পরিকল্পনা ছিল না। তবে ক্যানসার শনাক্ত হওয়ার পর পরিস্থিতি বদলে যায়।

হিনা জানান, ২০২৫ সালের ৪ জুন মুম্বাইয়ে নিজেদের বাড়ির ছাদে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তাঁরা। সে সময় তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারের চিকিৎসা চলছিল তাঁর। জীবনের কঠিন সময়ে দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন দুজন।

অনুষ্ঠানে বিয়ের দিনের ছবি দেখিয়ে স্মৃতিচারণা করেন অভিনেত্রী। তিনি জানান, অসুস্থতার খবর জানার পর রকিকে দুটি বিকল্প দিয়েছিলেন। হয় রকি তাঁকে ছেড়ে নিজের জীবন নতুন করে শুরু করবেন, পছন্দমতো কাউকে বিয়ে করবেন; নয়তো তাঁকেই বিয়ে করবেন। কারণ, পরদিন কী ঘটবে, সে নিশ্চয়তা তাঁর কাছে ছিল না।

হিনার এমন প্রস্তাবে সম্মতি জানান রকি। এরপর বিয়ের সিদ্ধান্ত নিতে আর দেরি করেননি তাঁরা।

অনুষ্ঠানে সানিয়া মির্জা জানতে চান, সত্যিই কি মাত্র ১৫ মিনিটে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছিল? উত্তরে হিনা জানান, ১৫ মিনিটও লাগেনি; তার চেয়েও কম সময়ে বিয়ে সম্পন্ন করেছিলেন তাঁরা।

Advertisements

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই এবং ভবিষ্যতের অনিশ্চয়তা—সব মিলিয়ে হিনা ও রকির বিয়ের গল্পটি অভিনেত্রীর জীবনের এক বিশেষ অধ্যায় হয়ে রয়েছে। কঠিন সময়ে ভালোবাসার মানুষের পাশে থাকার সিদ্ধান্তের কথাই অনুষ্ঠানে তুলে ধরেছেন তিনি।

Advertisements