ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে মেতে উঠলেন শাবনূর

বিশ্বজুড়ে নানা আয়োজনে উদযাপিত হয়েছে হ্যালোইন উৎসব। এই উৎসবের আনন্দে শামিল হয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারাও। এবার একমাত্র ছেলে আইজানকে সঙ্গে নিয়ে হ্যালোইন উদযাপন করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।
বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন শাবনূর। সেখানেই ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নেন তিনি। রোববার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উৎসবের একটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী।
প্রকাশিত ছবিতে দেখা যায়, ছেলে আইজানের সঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন শাবনূর। মা ও ছেলের পরনে ছিল একই ধরনের পোশাক, যেখানে কমলা রঙের কুমড়ার নকশা ফুটে উঠেছে। তাদের পেছনে ছিল হ্যালোইনের বিশেষ সাজসজ্জা। কৃত্রিম কঙ্কাল, কুমড়ার লণ্ঠন, রঙিন আলো এবং ‘হ্যাপি হ্যালোইন’ লেখা দিয়ে সাজানো হয়েছিল চারপাশ।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’। ছবিটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।
ছেলে আইজানের সঙ্গে প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান শাবনূর। এর আগে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণেও গিয়েছিলেন তিনি। সেই ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
শুধু এবারের আয়োজনই নয়, গত বছরও ছেলেকে সঙ্গে নিয়ে হ্যালোইন উদযাপন করেছিলেন শাবনূর। সেবার মা-ছেলেকে ভূতের সাজে উৎসবে অংশ নিতে দেখা গিয়েছিল। এবারও ছেলেকে নিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিলেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।



