২৯ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১৩ কার্তিক ১৪৩৩
নারী

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা

1793279973-4868118152790c51dd5210fac6b734e9

এশিয়া কাপ আর্চারিতে দারুণ সাফল্য পেয়েছেন বাংলাদেশের আর্চার বর্ণা আক্তার। কাজাখস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন তিনি। তার এই অর্জনে আন্তর্জাতিক মঞ্চে আবারও উজ্জ্বল হয়েছে বাংলাদেশের লাল-সবুজের পতাকা।

বৃহস্পতিবার ইরাকের সুলায়মানিয়াহ শহরে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে অংশ নেন বর্ণা। স্বর্ণপদকের লড়াইয়ে কাজাখস্তানের আর্চার মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ পয়েন্টে পরাজিত করে শিরোপা নিশ্চিত করেন বাংলাদেশের এই প্রতিযোগী।

ফাইনালে শুরু থেকেই দুই আর্চারের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। কেউ কাউকে সহজে ছাড় দিতে রাজি ছিলেন না। প্রতিটি ধাপে পয়েন্টের ব্যবধান ধরে রাখতে দুই প্রতিযোগীকেই দক্ষতা ও মনোযোগের পরিচয় দিতে হয়েছে। শেষ পর্যন্ত নির্ধারক পঞ্চম এন্ডে নিজের পারফরম্যান্স ধরে রেখে জয় তুলে নেন বর্ণা।

ছেলেদের সাফল্যের পর এবার নারী বিভাগের ব্যক্তিগত ইভেন্টে বর্ণার এই স্বর্ণজয় বাংলাদেশের আর্চারির জন্য আরেকটি উল্লেখযোগ্য অর্জন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁর এই সাফল্য দেশের আর্চারদের সক্ষমতা ও প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্সেরও পরিচয় বহন করে।

Advertisements