২৮ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ১২ কার্তিক ১৪৩৩
নারী

ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেপ্তার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের

8f9164a3b884ac72a7f6900d6ebf300e-6ae188da5ee17

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করে ক্ষোভ প্রকাশের পর ময়মনসিংহের ভালুকায় গ্রেপ্তার হওয়া নারী উদ্যোক্তা সাথী আক্তারের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। একই সঙ্গে তাঁর গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২৮ অক্টোবর) মহিলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলুর সই করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সংগঠনটির সেক্রেটারি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকা।

বিজ্ঞপ্তিতে নুরুন্নিসা সিদ্দিকা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপ্রকাশের স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার। জনপ্রতিনিধিদের নির্বাচিত করার পাশাপাশি তাঁদের কর্মকাণ্ড ও দায়িত্ব পালনের বিষয়ে সমালোচনা করার অধিকারও নাগরিকদের রয়েছে।

তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের পর সাথী আক্তারের নিরাপত্তা নিশ্চিত না করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে মব সৃষ্টির ঘটনাও উদ্বেগজনক।

ভিন্নমত দমনের অভিযোগ

মহিলা জামায়াতের এই নেত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়। অথচ ভিন্নমত প্রকাশের কারণে একজন নারীকে গ্রেপ্তার ও কারাবন্দি হতে হচ্ছে। তাঁর মতে, এ ঘটনা সরকারের অসহিষ্ণু আচরণের বহিঃপ্রকাশ এবং বিরোধী মত দমনের প্রচেষ্টার ইঙ্গিত দেয়।

Advertisements

নুরুন্নিসা সিদ্দিকা সাথী আক্তারের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি।

যেভাবে কারাগারে গেলেন সাথী

এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সাথী আক্তারকে দণ্ডবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ। পরে বিকেল ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজেদুল ইসলাম তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সাথী আক্তারকে পুলিশের হাতে তুলে দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সমালোচনামূলক বক্তব্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisements