পাকিস্তান ও আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত

পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.২ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দুই দেশের বেশ কয়েকটি প্রদেশ ও অঞ্চলে কম্পন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
আফগান সংবাদমাধ্যম তোলোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কম্পন দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশে অনুভূত হয়। আকস্মিক এই ভূকম্পনে বিভিন্ন এলাকায় মানুষ কম্পন টের পান। তবে ভূমিকম্পের পরপরই আফগানিস্তানে কোনো প্রাণহানি কিংবা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২। এই কম্পনে আফগানিস্তানের পাশাপাশি প্রতিবেশী পাকিস্তানের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরাঞ্চলের গিলগিত-বালতিস্তান অঞ্চলের বেশ কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এসব এলাকায়ও স্থানীয় বাসিন্দারা কম্পন টের পান।
তবে পাকিস্তানেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। দুই দেশেই ভূমিকম্পের পর পরিস্থিতি সম্পর্কে প্রাথমিকভাবে এমন তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো।



