শাড়ি-গাজরায় জয়ার স্নিগ্ধ রূপ, ক্যাপশনে প্রেমের বেদনা!

অভিনেত্রী জয়া আহসানের সৌন্দর্যে মুগ্ধ হন ভক্তরা। কখনো আধুনিক সাজে, আবার কখনো বাঙালিয়ানায় ভরপুর ঐতিহ্যবাহী লুকে ধরা দিয়ে আলোচনায় আসেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। এবার অফহোয়াইট শাড়ি, কানে ঝুমকা আর চুলে বেলি ফুলের গাজরায় স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন তিনি। তবে সাজের পাশাপাশি তার ছবির ক্যাপশনও নজর কেড়েছে অনুরাগীদের।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন জয়া। এর আগে একই সাজে একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। নতুন ছবিগুলোতে অভিনেত্রীকে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়িতে। শাড়ির পাড়জুড়ে রয়েছে ধূসর-গোলাপি কাজ, আর ব্লাউজেও রাখা হয়েছে শাড়ির সঙ্গে মানানসই নকশা।
সাজের সঙ্গে মিলিয়ে কানে পরেছেন ভারী দুল, হাতে রয়েছে অলংকার। খোলা চুলে জড়িয়ে দিয়েছেন বেলি ফুলের গাজরা। সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে বাঙালিয়ানার স্নিগ্ধতা ও আভিজাত্য।
ছবিগুলোতে কখনো পেছন ফিরে চুলের গাজরা দেখিয়েছেন জয়া, আবার কখনো মুচকি হেসে ক্যামেরার দিকে তাকিয়েছেন। তার এমন মায়াবী উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের।
তবে ছবির ক্যাপশনে বিশেষভাবে নজর কেড়েছেন অভিনেত্রী। বাউল সম্রাট শাহ আবদুল করিমের জনপ্রিয় গানের পঙ্ক্তি উদ্ধৃত করে তিনি লিখেছেন, ‘সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা।’
জয়ার স্নিগ্ধ সাজের সঙ্গে প্রেমের বেদনা মেশানো এই ক্যাপশন ছবিগুলোতে যোগ করেছে ভিন্ন মাত্রা। সামাজিক মাধ্যমে তার নতুন লুক দেখে প্রশংসা করছেন ভক্ত ও অনুরাগীরা।



