শারদীয় সাজে নজর কাড়লেন জয়া

ঐতিহ্যবাহী শাড়ি, চুলে বেলি ফুলের গাজরা আর মুখজুড়ে মিষ্টি হাসি—বাঙালিয়ানার চিরচেনা সাজে ভক্তদের মুগ্ধ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শারদীয় দুর্গাপূজার আবহে প্রকাশ করা তার নতুন একটি ভিডিও ইতোমধ্যে নজর কেড়েছে অনুরাগীদের।
শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজার ষষ্ঠীতে ভিডিওটি প্রকাশ করেন জয়া। এতে তাকে দেখা গেছে অফহোয়াইট শাড়িতে, যার পাড়জুড়ে রয়েছে গোলাপি রঙের নকশা। শাড়ির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্লাউজ, কানে ভারী দুল, হাতে অলংকার আর চুলে বেলি ফুলের গাজরা তার সাজে যোগ করেছে বাড়তি আকর্ষণ।
ভিডিওর বিভিন্ন দৃশ্যে কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসছেন অভিনেত্রী, কখনো শাড়ির আঁচল সামলাচ্ছেন। আবার কখনো চুলের ফুল ঠিক করতে কিংবা হাতে গাজরা নিয়ে ধরা দিয়েছেন ভিন্ন ভিন্ন ভঙ্গিতে। সব মিলিয়ে তার সাজ ও সাবলীল অভিব্যক্তিতে ফুটে উঠেছে শারদীয় উৎসবের আবহ।
ভিডিওটি প্রকাশের পাশাপাশি ভক্তদের শারদীয় শুভেচ্ছাও জানিয়েছেন জয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’
ভিডিওতে আবহসংগীত হিসেবে পুরোনো বাংলা গান ‘তোমারই আছি’ যুক্ত করেছেন অভিনেত্রী। গানের সুরের সঙ্গে তার ঐতিহ্যবাহী সাজ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিলে তৈরি করেছে নান্দনিক আবহ। ধারণা করা হচ্ছে, ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে ভারতের কলকাতায়।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও নিজস্ব স্টাইলের জন্যও বরাবরই আলোচনায় থাকেন জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো বাঙালির ঐতিহ্যবাহী সাজে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেন তিনি। এবার শারদীয় সাজেও ভক্তদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।



