১৭ অক্টোবর, ২০২৬ | শনিবারবাংলা: ১ কার্তিক ১৪৩৩
বিনোদন

বিকৃত ভিডিও নিয়ে ক্ষোভ পরীমনির

porimni-3-20261017135107

একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে ছড়িয়ে পড়া বিকৃত আপত্তিকর ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি। তার মতে, এমন ঘটনার পর শুধু দুঃখপ্রকাশ করলেই দায় এড়ানো যায় না।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে পরীমনিসহ দুই অভিনেত্রীর আপত্তিকর বিকৃত ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলো এআই দিয়ে তৈরি বলে ধারণা করা হয়। পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে হ্যাকাররা এসব ভিডিও পোস্ট করেছে। এ ঘটনায় দুঃখপ্রকাশও করে তারা।

তবে চ্যানেলটির এমন ব্যাখ্যায় সন্তুষ্ট নন পরীমনি। গতকাল রাতে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। তিনি জানান, ভিডিওটি অনেক আগের হলেও এবার চ্যানেলটির পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

চ্যানেলটির বক্তব্যের সমালোচনা করে পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে নেতিবাচক আলোচনা করা ব্যক্তিদেরও কটাক্ষ করেন পরীমনি। তিনি বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

পরীমনির মতে, বিবেকবোধসম্পন্ন মানুষ ভিডিওটি দেখার পর এড়িয়ে গেছেন। অন্যদিকে, যারা এটি নিয়ে নেতিবাচক চর্চা করেছেন, তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বেশি আলোচনা করেছেন।

Advertisements

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে।’

অন্য প্রসঙ্গের পোস্টের মন্তব্যের ঘরেও কেউ কেউ ভিডিওটির লিংক থাকার দাবি করেছেন বলে জানান তিনি। এমন আচরণের সমালোচনা করে পরীমনি বলেন, ‘ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!’

ফেসবুক লাইভে এ নিয়ে আরও কথা বলেন অভিনেত্রী। তবে পরে নিজের পেজ থেকে লাইভটি মুছে দেন তিনি। আজ সকালে একটি স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

উল্লেখ্য, পরীমনি সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।

Advertisements