রাতে পায়ে ঘি মাখেন করিনা, কপিলের শোয়ে ‘বেডরুমে ধাবার গন্ধ’ বলে সাইফের রসিকতা

রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে ঘি মাখেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান। আর স্ত্রীর এই অভ্যাস নিয়েই মজার মন্তব্য করে হাসির রোল তুললেন স্বামী সইফ আলি খান। তাঁর দাবি, করিনার পায়ে ঘি মাখার কারণে রাতে তাঁদের শোওয়ার ঘরে নাকি ধাবার মতো গন্ধ ছড়ায়! সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর একটি প্রচার ঝলকে ধরা পড়েছে তারকা দম্পতির এমনই খুনসুটি।
অনুষ্ঠানটির সঞ্চালক কপিল শর্মার সঙ্গে আড্ডায় নিজেদের খাওয়াদাওয়া ও দৈনন্দিন অভ্যাস নিয়ে কথা বলেন সইফ-করিনা। তাঁদের সতেজ থাকার রহস্য জানতে চান কপিল। উত্তরে সইফ জানান, ইদানীং তাঁদের বাড়িতে প্রচুর ঘি আসছে। করিনাও বলেন, তাঁদের বাড়িতে নিয়মিত ঘি খাওয়া হয়। শুধু তাঁরা নন, সন্তানদের খাবারেও ঘি দেওয়া হয়।

কথাবার্তা যখন ঘি খাওয়ার প্রসঙ্গে, তখনই স্ত্রীর আরেকটি অভ্যাসের কথা সামনে আনেন সইফ। তিনি জানান, করিনা শুধু খাবারের সঙ্গে ঘি খান না, রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়েও ঘি মাখেন। করিনা নিজেও বিষয়টি স্বীকার করেন। তাঁর মতে, পায়ে ঘি মাখলে ঘুম ভালো হয়। আর এই কথা শুনেই রসিকতা করতে শুরু করেন সইফ। স্ত্রীর অভ্যাসকে কেন্দ্র করে তাঁর ধাবার গন্ধের মন্তব্যে হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানে উপস্থিত সবাই।
তবে পায়ে ঘি মাখলে ঘুম ভালো হয়, এটি করিনার ব্যক্তিগত অভিজ্ঞতা। একে চিকিৎসাবিজ্ঞানে প্রতিষ্ঠিত কোনো পরামর্শ হিসেবে দেখার সুযোগ নেই।
সইফের বাড়িতে হঠাৎ এত ঘি আসার পেছনেও রয়েছে একটি মজার ঘটনা। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র একটি পর্বে অক্ষয় কুমারের সঙ্গে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তিনি। অনুষ্ঠানে অমিতাভ বচ্চন দুই বছরের ঘি সরবরাহের পুরস্কারের কথা জানালে সইফ বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। মজা করে তিনি বলেছিলেন, এই পুরস্কারের জন্যই যেন অনুষ্ঠানে এসেছেন! সেই মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। কপিলের শোয়ে ঘি নিয়ে কথাবার্তার সময় তাই পুরোনো ঘটনাটিও নতুন করে মনে পড়েছে দর্শকদের।
এদিকে, ১৬ অক্টোবর সইফ-করিনার দাম্পত্যজীবনের ১৪ বছর পূর্ণ হয়েছে। ২০১২ সালের এই দিনেই বিয়ে করেছিলেন তাঁরা। বিবাহবার্ষিকী উপলক্ষে ইনস্টাগ্রামে একগুচ্ছ ব্যক্তিগত ছবি প্রকাশ করেন করিনা। প্রেমের দিনগুলো থেকে শুরু করে বিয়ের পরের জীবন, একসঙ্গে ঘুরতে যাওয়া এবং সন্তানদের সঙ্গে কাটানো নানা মুহূর্ত—সবই উঠে এসেছে ছবির অ্যালবামে। কিছু ছবিতে আবার একাই দেখা গেছে সইফকে।
বিশেষ দিনটি উপলক্ষে করিনার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন মালাইকা অরোরা, অমৃতা অরোরা, শিবানী দান্ডেকর ও ঋদ্ধিমা কপূরসহ পরিচিত অনেকেই। সইফ ও করিনার দুই ছেলে তৈমুর ও জেহাঙ্গির। কাজের ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত মাঝেমধ্যে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী।
বিবাহবার্ষিকীর আবেগঘন মুহূর্তের পাশাপাশি এবার কপিলের শোয়ের প্রচার ঝলকে উঠে এসেছে তাঁদের সম্পর্কের অন্য এক দিক। আর সেখানে আলোচনার কেন্দ্রে রয়েছে করিনার ঘি মাখার অভ্যাস এবং সইফের সেই মজার মন্তব্য। পুরো পর্বটি নেটফ্লিক্সে ১৭ অক্টোবর রাত ৮টায় প্রচারিত হওয়ার কথা।



