ছয় বছর পর পর্দায় ফিরছেন বিপাশা, নতুন সিরিজ ঘিরে কৌতূহল

দীর্ঘ বিরতি শেষে আবারও অভিনয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বিয়ের পর সংসার ও মাতৃত্বকে সময় দেওয়ায় পর্দায় তার উপস্থিতি ছিল সীমিত। এবার নির্মাতা হংসল মেহতার নতুন ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী। ছয় বছর পর তার প্রত্যাবর্তনের খবরে নতুন কাজটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে। এতে বিপাশার সঙ্গে অভিনয় করছেন সানি কৌশল ও বিশাল জেঠওয়া। নাম চূড়ান্ত না হওয়া সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে। তবে বিপাশার চরিত্র, সিরিজের নাম কিংবা মুক্তির তারিখ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। চিত্রনাট্য লিখেছেন কাশ্যপ কাপুর ও রাঘব রাজ কাক্কার। প্রযোজনায় রয়েছেন প্রভলীন সান্ধু। তার প্রযোজনা প্রতিষ্ঠান আলমাইটি মোশন পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে সিরিজটি।

অপরাধ, ক্ষমতা আর নৈতিকতার দ্বন্দ্ব নিয়ে এগোবে সিরিজটির গল্প। কাহিনির কেন্দ্রে রয়েছে একটি ছোট শহর, যা ধীরে ধীরে মহাদেশের হেরোইন ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার পথে। মাদক ব্যবসার বিস্তার এবং অপরাধজগতের ক্রমবর্ধমান প্রভাব শহরটির পরিস্থিতিকে জটিল করে তোলে।
এ গল্পে সানি কৌশলকে দেখা যাবে একজন সৎ ও আপসহীন পুলিশ কর্মকর্তার ভূমিকায়। দায়িত্ব পালন করতে গিয়ে তাকে নিজের বিভাগের ভেতরে এবং বাইরে থাকা প্রভাবশালী ব্যক্তিদের মোকাবিলা করতে হবে। ক্ষমতাবানদের চাপের মুখেও সততা ধরে রাখা এবং মানবিক মূল্যবোধ অক্ষুণ্ন রাখার কঠিন পরীক্ষার মধ্য দিয়ে এগোবে তার চরিত্র। অন্যদিকে, বিপাশা ও বিশাল জেঠওয়ার চরিত্র সম্পর্কে নির্মাতারা এখনো মুখ খোলেননি। ফলে গল্পে তাদের ভূমিকা কী হবে, তা নিয়ে আপাতত কৌতূহল থেকেই যাচ্ছে।
ব্যক্তিজীবনের নানা পরিবর্তনের মধ্য দিয়ে গত কয়েক বছরে অভিনয় থেকে অনেকটাই দূরে ছিলেন বিপাশা। ২০১৬ সালের এপ্রিলে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরপর পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনেই বেশি মনোযোগী হন। ২০২২ সালের নভেম্বরে এই দম্পতির ঘরে আসে কন্যাসন্তান দেবী। মাতৃত্বের নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে জীবনের আরেকটি অধ্যায় শুরু হয় তার।

তবে অভিনয়ের সঙ্গে বিপাশার সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি। ২০২০ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে ‘ডেঞ্জারাস’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। অপরাধ ও রহস্যনির্ভর এই সিরিজটি ছিল তার সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য পর্দার কাজগুলোর একটি। এর আগে ২০১৫ সালে মুক্তি পাওয়া ভৌতিক সিনেমা ‘অ্যালোন’-এ দ্বৈত চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন বিপাশা। সেখানে সঞ্জনা ও অঞ্জনা নামের যমজ দুই বোনের ভূমিকায় দেখা যায় তাকে। ছবিটিতে তার সহশিল্পী ছিলেন করণ সিং গ্রোভার।
ভৌতিক সিনেমা থেকে অপরাধনির্ভর ওয়েব সিরিজ—বিপাশার নতুন কাজটি তার অভিনয়জীবনে কতটা ভিন্ন মাত্রা যোগ করবে, তা দেখার অপেক্ষায় দর্শক। দীর্ঘ বিরতির পর নতুন চরিত্রে নিজেকে মেলে ধরার এই সুযোগ তার পর্দায় ফেরার পথকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। তবে নতুন সিরিজে তার অভিনয়ের ধরন কিংবা চরিত্রের গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।



