১০ অক্টোবর, ২০২৬ | শনিবারবাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

রবীন্দ্রনাথের ছবিতে কালি দিতে গিয়ে নারী আটক

ba8665354c555d988cdc72e41189291b-6ac9ee48c1792

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরসহ পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের গ্রাফিতিতে কালি দেওয়ার অভিযোগে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ ন ম আয়াসসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাদের আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়।

শাহবাগ থানার ডিউটি অফিসার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে পশ্চিমবঙ্গের লেখক ও চলচ্চিত্রকারদের ছবিতে কালি দেওয়ায় তাদের আটক করে থানায় আনা হয়েছে। তারা বর্তমানে থানায় রয়েছেন।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শিল্পকলা একাডেমিসংলগ্ন দেয়ালে ১০ জন লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের গ্রাফিতি আঁকা নিয়ে সমালোচনা দেখা দেয়। বাংলাদেশের গুণী ব্যক্তিত্বদের পাশাপাশি সেখানে পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ছবি স্থান পায়।

গ্রাফিতিতে পশ্চিমবঙ্গের ব্যক্তিত্বদের অন্তর্ভুক্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা করেন অনেকে। তালিকায় বাংলাদেশের আরও গুণী ব্যক্তিত্বদের রাখা যেত কি না, একইভাবে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ব্যক্তিত্বদের স্থান দেওয়া হতো কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। দেয়ালচিত্রে নারী ব্যক্তিত্বদের অনুপস্থিতি নিয়েও সমালোচনা হয়।

সম্প্রতি সেগুনবাগিচা এলাকায় ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধন কার্যক্রম চালায় ডিএসসিসি। মৎস্য ভবনের দিকে যেতে শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরের বিপরীত পাশের ফুটপাতে ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চ বসানোর পাশাপাশি দেয়ালে গুণী ব্যক্তিত্বদের গ্রাফিতি আঁকা হয়।

গত সোমবার সকালে এ সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। গ্রাফিতিতে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, শিল্পাচার্য জয়নুল আবেদিন, এস এম সুলতান, চলচ্চিত্রকার জহির রায়হান, বাউল সম্রাট শাহ আবদুল করিম ও অভিনেতা হুমায়ূন ফরীদির ছবিও রয়েছে।

Advertisements
Advertisements