৭ অক্টোবর, ২০২৬ | বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩
বিবিধ

এশিয়ান গেমসে পদকজয়ীদের হাতে পুতুল, জানুন এর নাম ও গল্প?

এশিয়ান গেমসে পদকজয়ীদের হাতে পুতুল, জানুন এর নাম ও গল্প?

২০২৬ এশিয়ান গেমসে পদক জয়ের পর অনেক ক্রীড়াবিদের হাতেই দেখা যাচ্ছে একটি সুন্দর পুতুল। পুরস্কার মঞ্চে খেলোয়াড়দের হাতে থাকা পুতুলটি নজর কেড়েছে অনেকের। এই পুতুলের নাম ‘হনোহন’। এটি ২০২৬ এশিয়ান গেমসের আনুষ্ঠানিক মাসকট।

২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়া অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে ২০তম এশিয়ান গেমস। হনোহনকে তৈরি করা হয়েছে খেলোয়াড়দের খেলাধুলার প্রতি আবেগ, সাহস ও জয়ের সংকল্পের প্রতীক হিসেবে। একই সঙ্গে এর নকশায় ফুটিয়ে তোলা হয়েছে আয়োজক অঞ্চল আইচি ও নাগোয়ার ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিক।

হনোহন নামের অর্থ কী?

‘হনোহন’ নামটি জাপানি শব্দ ‘হোনোহো’ থেকে এসেছে। পুরোনো জাপানি ভাষায় শব্দটি আগুন বা শিখার সঙ্গে সম্পর্কিত। আগুন যেমন উঁচু হয়ে জ্বলে ওঠে, তেমনি খেলোয়াড়দের প্রবল উৎসাহ ও প্রতিযোগিতার মানসিকতাকেও এই নামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। নামটি সহজ ও বন্ধুত্বপূর্ণ হওয়ায় সহজেই মনে রাখার মতো করে রাখা হয়েছে।

হনোহনের নকশায় কী রয়েছে?

জাপানি গ্রাফিক ডিজাইনার ইয়োশিউকি নাকাগাওয়া হনোহনকে নকশা করেছেন। এর শরীর ও মুখের বিভিন্ন অংশে রয়েছে স্থানীয় সংস্কৃতির ছাপ।

Advertisements

হনোহনের কান তৈরি করা হয়েছে নাগোয়া ক্যাসেলের সঙ্গে সম্পর্কিত পৌরাণিক প্রাণী ‘শাচিহোকো’র আদলে। প্রচলিত বিশ্বাস ও আয়োজকদের ব্যাখ্যা অনুযায়ী, এই কান যেন এশিয়ার বিভিন্ন প্রান্তের মানুষের উল্লাস ও শিশুদের হাসির শব্দ শুনতে পারে।

চোখের চারপাশের লাল নকশা নেওয়া হয়েছে জাপানের ঐতিহ্যবাহী কাবুকি থিয়েটারের ‘কুমাদোরি’ মেকআপ থেকে। এর বড় বড় চোখ খেলোয়াড়দের খেলা ও সাফল্যের দিকে নজর রাখার প্রতীক।

হনোহনের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো ঐক্য। খেলাধুলার মাধ্যমে এশিয়ার মানুষকে একত্রিত করার ভাবনাই এর নকশায় তুলে ধরা হয়েছে। ২০২৬ এশিয়ান গেমসের স্লোগানও—‘Imagine One Asia’।

কেন পদকজয়ীদের দেওয়া হচ্ছে এই পুতুল?

পদকজয়ীদের হাতে ফুলের পাশাপাশি স্মৃতি হিসেবে হনোহনের পুতুল তুলে দেওয়া হচ্ছে। ফুলের মতো দ্রুত নষ্ট হয়ে যায় না বলে এই পুতুলটি খেলোয়াড়েরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। বিদেশি খেলোয়াড়েরা এটি নিজেদের দেশে নিয়ে গিয়ে এশিয়ান গেমসের স্মৃতি ধরে রাখতে পারবেন।

হনোহনের বিভিন্ন আকারের পুতুল ও ছোট কী-চেইন সংস্করণও এশিয়ান গেমসের আনুষ্ঠানিক পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে।

পুরস্কার মঞ্চে খেলোয়াড়দের হাতে থাকা হনোহন পুতুলও দর্শকদের নজর কাড়ে। ফলে এশিয়ান গেমসের এই ছোট্ট মাসকটটি এখন ক্রীড়াপ্রেমীদের কাছে হয়ে উঠেছে এবারের আসরের অন্যতম পরিচিত প্রতীক।

Advertisements