হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তার অভিযোগ, নীলাচলের ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা

হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে নীলাচল পরিবহণের বাসকর্মীর বিরুদ্ধে হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে পরিবহণটির সাত থেকে আটটি বাস আটকে রেখেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে প্রতিবাদে অংশ নিয়েছেন ঢাকা কলেজের একদল শিক্ষার্থীও।
শনিবার (২১ নভেম্বর) সকালে ইডেন মহিলা কলেজের সামনে বাসগুলো আটকে দেন শিক্ষার্থীরা।
অভিযোগকারী শিক্ষার্থীর নাম ফাল্গুনী জাহান বৃষ্টি। তিনি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, গত শুক্রবার (২০ নভেম্বর) সাভার যাওয়ার উদ্দেশ্যে নীলাচল পরিবহণের একটি বাসে ওঠেন তিনি। এ সময় হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বাসটির এক কর্মী তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
বৃষ্টি জানান, বাসে ওঠার আগে বাসকর্মী তার গন্তব্য জানতে চান। তিনি সাভার যাওয়ার কথা জানালে তাকে বাসে উঠতে বলা হয়। পরে বাসে শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে তিনি নিজের পরিচয় দেন এবং পরিচয়পত্র দেখান। এরপর প্রতিদিনের মতো ৩০ টাকা ভাড়া পরিশোধ করেন। তবে বাসকর্মী তার কাছে ৪৫ টাকা দাবি করেন।
এ নিয়ে আপত্তি জানালে ওই বাসকর্মী তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন বৃষ্টি। তিনি বলেন, নিয়মিত ৩০ টাকা ভাড়া দিয়ে যাতায়াত করেন—এ কথা জানানোর পর বাসকর্মী তার দিকে ১০ টাকা ছুড়ে দেন এবং গাবতলীতে নেমে যেতে বলেন। তখন তিনি প্রশ্ন করেন, সাভার যাওয়ার কথা জানার পর তাকে বাসে উঠতে দিয়ে মাঝপথে নামতে বলা হচ্ছে কেন? জবাবে ওই কর্মী তাকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি।
বৃষ্টি আরও জানান, ওই বাসকর্মী বাসে থাকা অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও খারাপ আচরণ করেন। এ সময় বাসের কয়েকজন যাত্রী প্রতিবাদ জানান। পরে ওই কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী যাতায়াত করলেও তারা কিছু করতে পারেননি—এমন হুমকিসূচক কথাও বলেন বলে অভিযোগ তার।
ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য, তিনি নিজে থেকে বাসে ওঠেননি। বরং গন্তব্য জানার পর বাসকর্মীই তাকে বাসে উঠতে বলেন। অথচ ভাড়া নিয়ে আপত্তি জানানোর পর তার সঙ্গে এমন আচরণ করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নীলাচল পরিবহণের কয়েকটি বাস আটকে রাখেন। পরে তাদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।



