২৮ সেপ্টেম্বর, ২০২৬ | সোমবারবাংলা: ১৩ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ

প্রিজনভ্যান থেকে পালালেন মোহাম্মদপুরের ‘পিচ্চি রাজা’

Untitled-3_8VCx51I

আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথেই প্রিজনভ্যান থেকে পালিয়ে গেছেন মোহাম্মদপুরের কথিত শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে বাদশা ওরফে ‘পিচ্চি রাজা’। রোববার সন্ধ্যার পর গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রাজাকে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতে হাজিরা শেষে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি এলাকায় পৌঁছালে টয়লেটে যাওয়ার কথা জানান রাজা। পুলিশ সদস্যরা তাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে দেন। আর সেই সুযোগেই সেখান থেকে পালিয়ে যান তিনি। পরে বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়।

নজরুল ইসলাম বলেন, ফেরার পথে কোনো এক স্থানে টয়লেটে যাওয়ার কথা বললে রাজাকে ভ্যান থেকে নামানো হয়। এরপর সেখান থেকেই তিনি পালিয়ে যান বলে পুলিশ সদস্যদের কাছ থেকে তারা জানতে পেরেছেন।

ঘটনার পর রাজাকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেল সুপার। একই সঙ্গে তিনি দাবি করেন, এ ঘটনায় কারাগার কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।

রাজা ওরফে বাদশা ওরফে ‘পিচ্চি রাজাকে’ চলতি বছরের ১৯ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।

Advertisements

কারাগারে ফেরার পথে নিরাপত্তাবেষ্টনী থেকে কীভাবে তিনি বেরিয়ে গেলেন, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রিজনভ্যান থেকে নামার পর কীভাবে তিনি পুলিশের চোখ এড়িয়ে পালাতে সক্ষম হলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisements