২৭ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ১২ আশ্বিন ১৪৩৩
জীবনযাপন

শিশুকে নিয়ে প্রথম বিমানযাত্রা, আগে থেকেই রাখুন এই প্রস্তুতি

IMG-20260926-WA0024

শিশুকে নিয়ে প্রথমবার বিমানে ভ্রমণের অভিজ্ঞতা বাবা-মায়ের জন্য যেমন আনন্দের, তেমনই কিছুটা দুশ্চিন্তারও। বিশেষ করে একেবারে ছোট শিশুকে নিয়ে দীর্ঘ সময় বিমানে থাকলে বাড়তি প্রস্তুতি প্রয়োজন।

এক বছর বয়সের আগে অপ্রয়োজনে শিশুকে নিয়ে বিমানযাত্রা এড়িয়ে চলাই ভালো। তবে জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে হলে কিছু বিষয় আগে থেকে মাথায় রাখলে পুরো যাত্রাটিই হয়ে উঠতে পারে অনেক স্বস্তিদায়ক। খুব ছোট, হাঁটতে শেখেনি এবং নির্দিষ্ট ওজনসীমার মধ্যে থাকা শিশুদের জন্য অনেক বিমান সংস্থায় বেসিনেটের ব্যবস্থা থাকে। দীর্ঘ যাত্রায় শিশুকে কোলে নিয়ে বসে থাকার বদলে এতে তাকে আরাম করে শোয়ানো যায়। তাই টিকিট কাটার সময়ই বিমান সংস্থার কাছে বেসিনেটের সুবিধা রয়েছে কি না জেনে নেওয়া এবং প্রয়োজন হলে আগেভাগে বুকিং করা ভালো।

শিশুকে কোলে নিয়ে বসার ক্ষেত্রেও কিছুটা সতর্ক থাকা দরকার। সম্ভব হলে জানালার পাশের আসনে বসা ব্যক্তির কোলে শিশুকে রাখুন। এতে মাঝের বা আইল-সংলগ্ন আসন দিয়ে খাবার, পানীয় কিংবা গরম কফি পরিবেশনের সময় অসাবধানতাবশত শিশুর গায়ে পড়ে যাওয়ার ঝুঁকি কিছুটা কমে।

বিমানের উড্ডয়ন ও অবতরণের সময় বায়ুচাপের পরিবর্তনের কারণে বড়দের মতো শিশুরও কানে চাপ, বন্ধভাব কিংবা অস্বস্তি হতে পারে। এ সময় শিশুকে বুকের দুধ, বোতল বা বয়স অনুযায়ী চোষার উপযোগী কিছু দেওয়া যেতে পারে। প্যাসিফায়ার ব্যবহার করলে সেটিও সহায়ক হতে পারে। এতে শিশুর গিলতে থাকা বাড়ে এবং কানের চাপ সামলাতে কিছুটা সুবিধা হয়।

পোশাকের ক্ষেত্রেও আরামকে গুরুত্ব দিন। শিশুকে পাতলা ও আরামদায়ক পোশাক পরিয়ে বিমানে তুলুন। উড়োজাহাজে ওঠার আগেই ডায়াপার পরিবর্তন করে নেওয়া ভালো। পাশাপাশি অতিরিক্ত দুই-তিন সেট পোশাক, ডায়াপার, ওয়াইপস, প্রয়োজনীয় খাবার ও গা ঢাকার কাপড় হাতের কাছে রাখুন। ব্যাগে এগুলো এমনভাবে রাখুন, যাতে প্রয়োজনের সময় সহজেই বের করা যায়।

দীর্ঘ সময় একই জায়গায় বসে থাকায় ছোট শিশু অস্থির হয়ে পড়তে পারে। তাই তার বয়স উপযোগী কয়েকটি খেলনা সঙ্গে রাখতে পারেন। এমন খেলনা বেছে নিন, যেগুলো আগে ব্যবহার করেনি—নতুন কিছু পেলে শিশুর আগ্রহও বেশি থাকতে পারে। তবে অন্য যাত্রীদের অসুবিধা হয়, এমন শব্দ করে এমন খেলনা এড়িয়ে চলাই ভালো। প্রয়োজন হলে বয়স উপযোগী কার্টুন বা ভিডিওও সীমিত সময়ের জন্য দেখানো যেতে পারে।

Advertisements

সবশেষে, শিশুকে নিয়ে বিমানযাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগে থেকে প্রস্তুত থাকা। শিশুর প্রয়োজনীয় জিনিস হাতের কাছে রাখা, বিমানের নিয়ম জেনে নেওয়া এবং যাত্রার সময় নিজেরাও শান্ত থাকার চেষ্টা করলে প্রথম বিমানভ্রমণের অভিজ্ঞতা অনেকটাই সহজ ও স্বস্তিদায়ক হয়ে উঠতে পারে।

Advertisements