মানসিক ক্লান্তি ও চাপ কমাতে জাপানি পদ্ধতি ‘ফরেস্ট বাথিং’

কর্মব্যস্ত জীবন, অফিসের চাপ, পারিবারিক দায়িত্ব, সন্তানদের পড়াশোনা—সব মিলিয়ে প্রতিদিনের ব্যস্ততায় নিজের জন্য সময় বের করাই কঠিন হয়ে পড়ে। দিনের পর দিন এমন ব্যস্ততার মধ্যে থাকতে থাকতে একসময় মানসিক ক্লান্তি ভর করে। তখন মনে হয়, কয়েক দিনের জন্য পাহাড়, সমুদ্র কিংবা কোনো নিরিবিলি জায়গায় গিয়ে সময় কাটাতে পারলে ভালো লাগত। কিন্তু সব সময় ছুটি নিয়ে দূরে কোথাও যাওয়ার সুযোগ হয় না।
এমন পরিস্থিতিতে মানসিক চাপ ও ক্লান্তি কমাতে সাহায্য করতে পারে প্রকৃতির সান্নিধ্য। ব্যস্ত জীবনের মাঝেই একটু সবুজের কাছে গিয়ে সময় কাটানোর এই অভ্যাসকে বলা হয় ‘ফরেস্ট বাথিং’। জাপানে জনপ্রিয় এই পদ্ধতি মানসিক প্রশান্তি খুঁজে পাওয়ার একটি সহজ উপায়।
ফরেস্ট বাথিং কী?
আধুনিক জীবনের ব্যস্ততা, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং প্রযুক্তিনির্ভর জীবনযাপন মানুষকে ক্রমেই প্রকৃতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক ফিরিয়ে আনতে ১৯৮২ সালে জাপানের ফরেস্ট্রি এজেন্সি ‘শিনরিন-ইয়োকু’ বা ফরেস্ট বাথিং ধারণাটি সামনে আনে।
জাপানি শব্দ ‘শিনরিন-ইয়োকু’র অর্থ হলো বনের মধ্যে স্নান করা। তবে এই স্নানের সঙ্গে পানির কোনো সম্পর্ক নেই। বরং গাছের ছায়া, পাতার মর্মর শব্দ, পাখির ডাক, বাতাসের স্পর্শ এবং মাটির গন্ধ উপভোগ করার মধ্য দিয়েই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো হয়।
যেভাবে কাজ করে এই পদ্ধতি
ফরেস্ট বাথিংয়ের জন্য পাহাড়ে ট্রেকিং কিংবা কঠিন কোনো শারীরিক ব্যায়ামের প্রয়োজন নেই। এর মূল উদ্দেশ্য হলো দৈনন্দিন ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নিয়ে প্রকৃতির সঙ্গে মনোযোগ দিয়ে সময় কাটানো।
এ ক্ষেত্রে মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস থেকে কিছুটা দূরে থাকতে পারেন। ধীরে ধীরে হাঁটুন, চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করুন এবং প্রকৃতির শব্দ ও গন্ধ অনুভব করুন।
প্রকৃতির দৃশ্য, শব্দ ও গন্ধের প্রতি মনোযোগ দিলে মন কিছুটা শান্ত হতে পারে। দৈনন্দিন দুশ্চিন্তা থেকে মনোযোগ সরিয়ে নিজের বর্তমান মুহূর্তে ফিরে আসার সুযোগ তৈরি হয়। এতে মানসিক চাপ কমাতে এবং চিন্তাভাবনা গুছিয়ে নিতে সহায়তা মিলতে পারে।
প্রকৃতির সঙ্গে যুক্ত করুন নিজের ইন্দ্রিয়
ফরেস্ট বাথিংয়ের জন্য বাড়ির কাছাকাছি কোনো পার্ক, লেকের পাড় কিংবা গাছপালায় ঘেরা নিরিবিলি জায়গা বেছে নিতে পারেন। সেখানে গিয়ে ধীরে ধীরে হাঁটুন।
গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ার দৃশ্য দেখুন। বাতাসে পাতার নড়াচড়া লক্ষ করুন। পাখির ডাক ও প্রকৃতির অন্যান্য শব্দ মন দিয়ে শুনুন। চারপাশের পরিচিত পরিবেশকেও নতুনভাবে অনুভব করার চেষ্টা করুন।
হাঁটার সময় কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর তাড়া রাখবেন না। বরং নিজের মতো করে সময় কাটান। এভাবে প্রকৃতির সঙ্গে মনোযোগপূর্ণ সংযোগ মানসিক প্রশান্তি পেতে সাহায্য করতে পারে।
ব্যস্ত শহরেও সম্ভব ফরেস্ট বাথিং
ফরেস্ট বাথিংয়ের অভিজ্ঞতা নিতে দূরের কোনো অরণ্যে যাওয়ার প্রয়োজন নেই। শহরের কাছাকাছি পার্ক, খোলা মাঠ কিংবা বড় গাছের নিচেও এই অভ্যাস গড়ে তোলা সম্ভব।
প্রতিদিনের ব্যস্ততার মধ্যে অন্তত কিছুটা সময় প্রকৃতির কাছে কাটানোর চেষ্টা করুন। কোনো গাছের নিচে চুপচাপ বসে থাকুন, চারপাশের পরিবেশ উপভোগ করুন। এ সময় ঘড়ি কিংবা মোবাইলের দিকে বারবার তাকানোর অভ্যাস এড়িয়ে চলুন।
মনে রাখবেন, ফরেস্ট বাথিং কোনো প্রতিযোগিতা নয়, নয় কোনো কঠিন ব্যায়াম। এখানে নেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর তাড়া। বরং প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটিয়ে নিজের মন ও শরীরকে বিশ্রাম দেওয়াই এর মূল উদ্দেশ্য।
ব্যস্ত জীবনে মানসিক প্রশান্তি খুঁজে পেতে তাই প্রতিদিনের রুটিনে কিছুটা সবুজের সময় যোগ করতে পারেন। ছোট এই অভ্যাসই হয়ে উঠতে পারে দৈনন্দিন একঘেয়েমি ও মানসিক ক্লান্তি কাটানোর সুন্দর একটি উপায়।



