২৫ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১০ আশ্বিন ১৪৩৩
বিবিধ

প্রেমের টানে হিলিতে চীনা যুবক, বিয়ে করলেন বাংলাদেশি প্রেমিকাকে

প্রেমের টানে হিলিতে চীনা যুবক, বিয়ে করলেন বাংলাদেশি প্রেমিকাকে

প্রেমের টানে সুদূর চীন থেকে দিনাজপুরের হিলিতে এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। ৩৭ বছর বয়সী ওই যুবকের নাম পংফং। বিয়ের আগে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নিজের নাম রেখেছেন মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্ত্রী রাইসা আক্তারকে নিয়ে হাকিমপুর (হিলি) পৌরসভার মাঠপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে আসেন মোহাম্মদ আলী। এর আগে গত ২০ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে আসেন। চীনা এই যুবককে একনজর দেখতে রাইসার বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ।

স্থানীয়রা জানান, পংফং পেশায় একজন গার্মেন্টস বায়ার। তিনি চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। তার বাবার নাম ফাংলে জুন এবং মায়ের নাম শিয়ান চিং। অন্যদিকে রাইসা আক্তার উপজেলার মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের মেয়ে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।

রাইসা আক্তার জানান, ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে পংফংয়ের চাচার সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই চীনা বায়ার তাকে তার ভাতিজা পংফংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর মোবাইল ফোনে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

রাইসা বলেন, তিনি পংফংকে বিয়ের প্রস্তাব দিলে সে রাজি হয়। তাকে বিয়ে করতে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন পংফং। পরে গাজীপুর আদালতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী। এরপর রাইসাকে বিয়ে করেন তিনি। এ বিয়েতে তার পরিবার ও এলাকাবাসী সবাই খুশি বলে জানান রাইসা।

রাইসার এক আত্মীয় জানান, ঢাকায় থাকার সময় চীনা নাগরিক পংফংয়ের সঙ্গে রাইসার পরিচয় হয়। একপর্যায়ে তারা দুজন দুজনকে পছন্দ করেন। পরে পংফং বাংলাদেশে এসে রাইসাকে বিয়ে করেন। গত বৃহস্পতিবার রাতে তারা হিলির মাঠপাড়া গ্রামের বাড়িতে আসেন। এ বিয়েতে পরিবারের কারও আপত্তি নেই এবং তারা বিষয়টি মেনে নিয়েছেন।

Advertisements
Advertisements