উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সকালে যে ৩ অভ্যাস গড়ে তুলবেন

উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন অনেকেই। সময়মতো এটি নিয়ন্ত্রণে রাখা না গেলে হৃদরোগ ও স্ট্রোকসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে। এ কারণে অনেককে নিয়মিত ওষুধ গ্রহণ করতে হয়। তবে শুধু ওষুধ নয়, প্রতিদিনের জীবনযাপনেও কিছু পরিবর্তন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে দিনের শুরুতে কী ধরনের খাবার খাচ্ছেন, খাবারে লবণের পরিমাণ কতটা রাখছেন এবং শরীরচর্চার জন্য সময় বের করছেন কি না—এসব বিষয় রক্তচাপের ওপর প্রভাব ফেলতে পারে। তাই সকাল থেকেই কয়েকটি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা জরুরি। হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের এক প্রতিবেদনে রক্তচাপ নিয়ন্ত্রণে সকালের এমন তিনটি অভ্যাসের কথা তুলে ধরা হয়েছে।
১. সকালের নাশতায় রাখুন পুষ্টিকর খাবার
সকালের নাশতা শরীরে দিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি জোগায়। পাশাপাশি সঠিক খাবার বেছে নিলে তা হৃদ্যন্ত্রের সুস্থতা বজায় রাখতেও সাহায্য করতে পারে। তাই দিনের প্রথম খাবারে পুষ্টিকর ও আঁশসমৃদ্ধ উপাদান রাখা প্রয়োজন।
সকালের নাশতায় ফলমূল, শাকসবজি ও ওটস রাখতে পারেন। বিশেষ করে পটাশিয়ামসমৃদ্ধ খাবার রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। কলা, টমেটো, আলু এবং বিভিন্ন ধরনের শাকসবজিতে এই খনিজ উপাদান পাওয়া যায়।
পটাশিয়াম শরীরে সোডিয়ামের প্রভাব সামলাতে সাহায্য করে। একই সঙ্গে রক্তনালির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও ভূমিকা রাখে। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের খাবার উপকারী হতে পারে। তবে যাঁদের কিডনির সমস্যা রয়েছে, তাঁদের পটাশিয়ামসমৃদ্ধ খাবার গ্রহণের পরিমাণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত।
২. সকালের খাবারে লবণ কম ব্যবহার করুন
উচ্চ রক্তচাপের অন্যতম ঝুঁকির কারণ অতিরিক্ত লবণ গ্রহণ। লবণে থাকা সোডিয়াম শরীরে পানি ধরে রাখে। এর ফলে রক্তের পরিমাণ বেড়ে যেতে পারে এবং রক্তনালির ওপর বাড়তি চাপ তৈরি হয়। এতে রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
তাই সকালের নাশতা তৈরির সময় অতিরিক্ত লবণ ব্যবহার না করাই ভালো। শুধু রান্নায় দেওয়া লবণই নয়, বিভিন্ন প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারেও সোডিয়ামের পরিমাণ বেশি থাকতে পারে। সস, চিপসসহ এ ধরনের খাবার কেনার আগে প্যাকেটের গায়ে থাকা পুষ্টিমান ও উপাদানের তালিকা দেখে নেওয়া জরুরি।
খাবারের স্বাদ বাড়াতে লবণের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন রসুন, গোলমরিচ, জিরা, লেবুর রস কিংবা বিভিন্ন ধরনের মসলা। এতে অতিরিক্ত লবণ ছাড়াই খাবারের স্বাদ বজায় রাখা সম্ভব।
৩. প্রতিদিনের ব্যায়ামের পরিকল্পনা করুন
রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়মিত শরীরচর্চার গুরুত্ব অনেক। বিশেষ করে সকালে কিছুটা সময় ব্যায়ামের জন্য বরাদ্দ রাখলে তা স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। নিয়মিত হাঁটা, সাইকেল চালানো কিংবা সাঁতারের মতো ব্যায়াম হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা ভালো রাখতে সহায়ক। পাশাপাশি শরীরের সামগ্রিক শক্তি ও সক্ষমতা বাড়াতেও এসব শারীরিক কার্যক্রম ভূমিকা রাখে।
প্রতিদিন অন্তত ৩০ মিনিট শরীরচর্চার চেষ্টা করা যেতে পারে। তবে একটানা ৩০ মিনিট সময় বের করা সম্ভব না হলে দিনের বিভিন্ন সময়ে ভাগ করে ব্যায়াম করতে পারেন। যেমন সকালে ১০ মিনিট, দুপুরে ১০ মিনিট এবং বিকেলে আরও ১০ মিনিট হাঁটা বা শরীরচর্চা করা যায়।
ব্যায়াম শুরুর আগে কয়েক মিনিট হালকা ওয়ার্মআপ করে নেওয়া উচিত। এতে শরীর ধীরে ধীরে ব্যায়ামের জন্য প্রস্তুত হয়। এ ছাড়া শরীরচর্চার সময় স্বাভাবিকভাবে শ্বাস নেওয়ার বিষয়েও খেয়াল রাখা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে শুধু ওষুধের ওপর নির্ভর না করে জীবনযাত্রায়ও ইতিবাচক পরিবর্তন আনা প্রয়োজন। নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া, খাদ্যতালিকায় লবণের পরিমাণ কমানো এবং শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা হৃদ্যন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়তা করতে পারে।
তবে যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের নিয়মিত রক্তচাপ পরিমাপ করা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা জরুরি। খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনার পরও চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই ওষুধ বন্ধ করা কিংবা ওষুধের মাত্রা পরিবর্তন করা উচিত নয়।



