১৮ নভেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিবিধ

শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ

images (8)

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে এ নোটিশ পাঠান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য।

নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে ফেরার পর যথাযথ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা রক্ষা, ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি এড়ানো এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করে এ নোটিশ পাঠানো হয়েছে।

সংগৃহীত

নোটিশের প্রাপক হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে রাখা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশদাতা আইনজীবী জানিয়েছেন, এই উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার সম্পর্ক নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারায় রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষায় যে দায়িত্বের কথা বলা হয়েছে, সেই সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই তিনি নিরপেক্ষ অবস্থানে থেকে নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দীর্ঘ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করায় শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য থাকার বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন। একজন সাবেক সরকারপ্রধান দীর্ঘদিন প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করলে এসব রাষ্ট্রীয় গোপনীয় তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ ধরনের পরিস্থিতি থেকে দুই দেশের আন্তর্জাতিক সম্পর্কের অবনতি এমনকি সামরিক সংঘাতের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে ইয়েমেন ও ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ তুলে ধরেছেন নোটিশদাতা। নোটিশে বলা হয়, ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেওয়ার পর তার দীর্ঘ অবস্থান ও রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ এবং দেশটিতে ভয়াবহ আঞ্চলিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।

Advertisements

একইভাবে, ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর তাকে কেন্দ্র করে সৃষ্ট ভূরাজনৈতিক পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে। এর ধারাবাহিকতায় ক্রিমিয়া উপদ্বীপ দখল এবং পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রসঙ্গ তুলে ধরা হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যেও যেন এ ধরনের বৈরিতা কিংবা সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন আইনজীবী।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নোটিশে কয়েকটি কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর কথা বলা হয়েছে। ওই পত্রে বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইনের আশ্রয়লাভ ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সহযোগিতা চাওয়ার প্রস্তাব রয়েছে।

এরপর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ এবং আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের প্রসঙ্গ টেনে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক অলঙ্ঘনীয়তার বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, হাইকমিশনে প্রবেশের পর শেখ হাসিনা বাংলাদেশ সরকারের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। পরে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ও প্রশিক্ষিত দল হাইকমিশন প্রাঙ্গণের ভেতরে তাকে গ্রেপ্তার করে আইনি হেফাজতে নেবে।

দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যু করার প্রস্তাবও দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে উপযুক্ত বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে তাকে বাংলাদেশে আনার কথা বলা হয়েছে। পুরো যাত্রায় বাংলাদেশ পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা রাখার প্রস্তাব করেছেন নোটিশদাতা।

দেশে ফেরার পর শেখ হাসিনার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও নোটিশে বিস্তারিত প্রস্তাব রয়েছে। এ জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত তার পৈতৃক বাসভবনকে বিশেষ সাব-জেল বা উপকারাগার হিসেবে ঘোষণা করার কথা বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ব্যবস্থা নিতে পারে।

এ ছাড়া ঢাকায় বিমান অবতরণের পর জনশৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি টুঙ্গিপাড়ার প্রস্তাবিত সাব-জেলে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় আপিলের সুযোগের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, দেশে ফেরার পর আইনি হেফাজতে থাকাবস্থায় শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সংবিধিবদ্ধ আপিলের অধিকার প্রয়োগ করতে পারবেন। ওই আইনের ২১ ধারার ৩ উপধারা অনুযায়ী, দণ্ডাদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করার সময়সীমা নির্ধারিত রয়েছে। তবে উপযুক্ত কারণ দেখিয়ে বিলম্ব মার্জনার আবেদন করা হলে আপিল বিভাগ তা বিবেচনা করে আপিল শুনানির জন্য গ্রহণ করতে পারেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম চালু রাখার বিষয়েও প্রস্তাব দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে ভার্চুয়াল বিচারব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করা হলে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়ানোর পাশাপাশি বিচারিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বলে নোটিশে মত দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সব আপিল ও অন্যান্য আইনি প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার পর সংশ্লিষ্ট আদালত যে রায় ও আদেশ দেবেন, সরকারকে তা নিরপেক্ষভাবে কার্যকর করতে হবে। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনি অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে তাকে অবহিত করার দাবি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া না হলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, গোপনীয়তা এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত অধিকার রক্ষার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলেও নোটিশে সতর্ক করেছেন তিনি।

Advertisements