২৩ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৮ আশ্বিন ১৪৩৩
বিবিধ

‘আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে’- প্রশ্ন অপ্রতিমের মায়ের

CumillaDH

১৩ বছরের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেকে নিয়ে নানা ধরনের প্রচার তাকে আরও ক্ষুব্ধ ও ব্যথিত করেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নেতারা অপ্রতিমের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় গেলে এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন নাহিদা বেগম। তিনি প্রশ্ন তোলেন, কেন তার সন্তানকেই বিভিন্নভাবে দায়ী বা ভিকটিম হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

নাহিদা বেগম বলেন, ‘আমার দুধের শিশু, তাকে ব্লেমিং করা আমি কোনো দিন মেনে নেব না।’ তার অভিযোগ, অপ্রতিমকে দীর্ঘদিন ধরে নানা মিষ্টি কথায় কাছে টেনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা হয়েছিল। পরে সেই সম্পর্ক ও ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্তানকে দায়ী করার চেষ্টা চলছে। তিনি বলেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে নানা উপায়ে অপ্রতিমকে নিয়ে এমন প্রচার চালানো হচ্ছে, যা একজন শোকাহত মায়ের জন্য আরও কষ্টের। তার ভাষায়, ‘আমার দুধের বাচ্চাকে কেন ভিকটিম ব্লেমিং করা হচ্ছে।’

অপ্রতিমের মা আরও বলেন, ২০২৫ সালের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পালনকালে তিনি মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্রিয় ছিলেন এবং অনেককে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। সেই ভূমিকার কারণে যদি তার সন্তানকে কোনোভাবে টার্গেট করা হয়ে থাকে, সেটিও তিনি মেনে নেবেন না।

তবে নিজের সন্তানের হত্যার বিচার চাওয়ার পাশাপাশি বৃহত্তর উদ্বেগের কথাও তুলে ধরেছেন নাহিদা বেগম। তিনি বলেন, যারা তার ছেলেকে হত্যা করেছে, তারা ভবিষ্যতে মুক্ত হয়ে আবারও অন্য কোনো শিশুর জীবন বিপন্ন করতে পারে। তাই শুধু অপ্রতিমের জন্য নয়, অন্য শিশুদের নিরাপত্তার জন্যও তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান।

এদিকে অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে মঙ্গলবার রাতে তাদের বাসায় যান কুমিল্লা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কাইমুল হক। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি জানান, পরিবারের পাশে দাঁড়াতেই তারা সেখানে গিয়েছিলেন। অপ্রতিমের পরিবার জানিয়েছে, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাদের সন্তানকে উচ্ছৃঙ্খল জীবনযাপন করত বলে প্রচার করছে। সন্তান হারানোর শোকের মধ্যে এমন প্রচার নাহিদা বেগমের কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে।

Advertisements

আসামিপক্ষে লড়বেন না আইনজীবী সমিতির কেউ

অপ্রতিম হত্যা মামলায় আসামিপক্ষে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য আইনজীবী হিসেবে দাঁড়াবেন না—এমন একটি মৌখিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ। মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জেলা আইনজীবী সমিতির নেতাদের মতবিনিময় সভা শেষে তিনি জানান, ঘটনার নির্মমতার বিষয়টি বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকেই আইনজীবীদের মধ্যে এ ধরনের নীতিগত অবস্থান তৈরি হয়েছে।
মো. শহীদুল্লাহ বলেন, এটি আইনজীবী সমিতির কোনো আনুষ্ঠানিক লিখিত সিদ্ধান্ত নয়। তবে মানবিক দায়বদ্ধতা থেকেই সমিতির কেউ অপ্রতিম হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না বলে মৌখিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, আসামিদের আইনগত অধিকার যেন ক্ষুণ্ন না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগের ব্যবস্থা থাকবে। কারণ, আসামিপক্ষের আইনগত প্রতিনিধিত্ব ছাড়া একতরফা বিচার হলে ন্যায়বিচার নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শরীফুল করীম, সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ, পিপি কাইমুল হক, জিপি তারেক আবদুল্লাহসহ আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরাও অংশ নেন।

Advertisements