২৩ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৮ আশ্বিন ১৪৩৩
বিনোদন

২৮ বছর পর ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’, বদলে গেল যা যা

1

নব্বইয়ের দশকের দর্শকের কাছে ‘হঠাৎ বৃষ্টি’ শুধু একটি সিনেমার নাম নয়, বরং এক টুকরো নস্টালজিয়া। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেম, আবেগ আর গল্পের আবহে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। সেই সিনেমার জনপ্রিয়তা ও স্মৃতিকে সঙ্গে নিয়েই প্রায় ২৮ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে নতুন সিনেমাটির।

পুরোনো সেই আবহকে ধরে রেখে নির্মিত হলেও নতুন সিনেমায় এসেছে বেশ কিছু পরিবর্তন। অভিনয়শিল্পী থেকে শুরু করে শুটিংয়ের স্থান, এমনকি গানের তালিকাতেও যুক্ত হয়েছে নতুনত্ব।

বদলে গেছে মুখ

১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। এবার সেই জায়গায় দেখা যাবে নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের। ‘আবার হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছেন কামরুজ্জামান। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান ও রাদিফা। তাঁদের সঙ্গে পর্দায় থাকছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।

অর্থাৎ পুরোনো চরিত্র ও গল্পের আবহ থাকলেও পর্দার মুখগুলো এবার একেবারেই নতুন প্রজন্মের।

পুরোনো গানের সঙ্গে নতুন সুর

Advertisements

‘হঠাৎ বৃষ্টি’র জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল এর গান। ‘এ যেন হঠাৎ বৃষ্টি’, ‘একদিন স্বপ্নের দিন’ ও ‘সোনালি প্রান্তরে’—এই গানগুলো এখনো দর্শকের স্মৃতিতে রয়ে গেছে। নতুন সিনেমায় তাই পুরোনো আবেগকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি। আগের তিনটি গানই রাখা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’তে। তবে তার সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি নতুন গান—‘মেঘের ভেলায়’ ও ‘একটা গল্প অল্প অল্প’।

‘মেঘের ভেলায়’ গানটি গেয়েছেন কনা ও ইমরান, আর ‘একটা গল্প অল্প অল্প’ কণ্ঠ দিয়েছেন লিজা। নতুন দুই গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন ইমন সাহা।

রাজস্থানের বদলে শ্রীমঙ্গল

দুই সিনেমার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য পার্থক্য শুটিংয়ের স্থান। পুরোনো ‘হঠাৎ বৃষ্টি’র গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ধারণ করা হয়েছিল ভারতের রাজস্থানে। মরুভূমির আবহ সিনেমাটির দৃশ্যপটে তৈরি করেছিল আলাদা এক মাত্রা।

তবে এবার সেই জায়গায় এসেছে বাংলাদেশের প্রকৃতি। ‘আবার হঠাৎ বৃষ্টি’র শুটিং হয়েছে শ্রীমঙ্গলে। সবুজে ঘেরা চা-বাগান, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য আর বাংলাদেশের নিজস্ব আবহে গল্পটিকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
পরিচালক কামরুজ্জামান জানিয়েছেন, ‘হঠাৎ বৃষ্টি’র মতো একটি জনপ্রিয় সিনেমার আবহে নতুন করে কাজ করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তাঁর মতে, মূল গল্পের কাঠামো ঠিক রাখা হলেও বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখে গল্প বলার ধরনে পরিবর্তন আনা হয়েছে।

পুরোনো স্মৃতি, নতুন সময়

১৯৯৮ সালে কোরবানির ঈদের দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারের পর থেকেই ‘হঠাৎ বৃষ্টি’ দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমাটির গল্প, গান ও অভিনয় সেই সময়ের দর্শকের কাছে হয়ে উঠেছিল বিশেষ এক অভিজ্ঞতা। দীর্ঘ ২৮ বছর পর সেই স্মৃতিকেই নতুন প্রজন্মের সামনে হাজির করতে যাচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। পুরোনো গল্পের আবহ, পরিচিত গান আর নতুন অভিনয়শিল্পীদের সঙ্গে সময়ের পরিবর্তন—সব মিলিয়ে সিনেমাটি কতটা নতুন অভিজ্ঞতা তৈরি করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

‘আবার হঠাৎ বৃষ্টি’ যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পরই বোঝা যাবে, পুরোনো সেই ‘হঠাৎ বৃষ্টি’র নস্টালজিয়া নতুন সিনেমায় কতটা নতুন রূপ পায়।

Advertisements