আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

শিক্ষার উদ্দেশ্য শুধু বইয়ের জ্ঞান অর্জন নয়, একজন শিশুকে ভালো-মন্দের পার্থক্য বুঝতে শেখানোও এর গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সমাজে নৈতিক শিক্ষাকে যথেষ্ট গুরুত্ব না দেওয়ায় নানা ধরনের অধঃপতন ও অবক্ষয় দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একজন মানুষের মধ্যে নৈতিক শিক্ষার ঘাটতি তৈরি হলে ভালো ও মন্দের মৌলিক পার্থক্য বোঝার সক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। তাই শিশুর প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ১৮ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর শিক্ষা ও মৌলিক বিকাশের দায়িত্ব রাষ্ট্রের। তবে অভিভাবকদের অসচেতনতা ও উদাসীনতার কারণে অনেক শিশু শিক্ষাজীবন শেষ করার আগেই ঝরে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবার ও রাষ্ট্র—দুই পক্ষেরই দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, সুবিধাবঞ্চিত পথশিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।



