২৩ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ৮ আশ্বিন ১৪৩৩
বিবিধ

ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার, ই-কমার্সে সহযোগিতার আশ্বাস

images (3)

বাংলাদেশের দ্রুত বাড়তে থাকা অনলাইন ব্যবসা ও ই-কমার্সের বাজারে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চায় ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ঢাকায় একটি অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি মেটার সঙ্গে বৈঠকের বিষয়টি তুলে ধরেন।

শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বৈঠকে ঢাকায় তাদের অফিস খোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিষ্ঠানটি এ বিষয়ে বেশ আগ্রহী এবং বাংলাদেশকে আঞ্চলিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করছে বলে জানান তিনি।

তার ভাষ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের অনলাইন ব্যবসা-বাণিজ্য ও ই-কমার্সের প্রসার নিয়েও আলোচনা হয়েছে। এ খাতকে আরও বিস্তৃত করতে মেটার সহযোগিতার বিষয়টি উঠে আসে। একই সঙ্গে বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকটি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হওয়ার কথা থাকলেও সময়ের কারণে তিনি সেখানে থাকতে পারেননি বলে জানান শামা ওবায়েদ। তবে সরকারের পক্ষ থেকে মেটার সঙ্গে আলোচনায় বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও অনলাইন ব্যবসার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহার এবং ক্রমবর্ধমান অনলাইনভিত্তিক ব্যবসার পরিধির কারণে মেটার এই আগ্রহকে ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে ঢাকায় অফিস খোলার বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের কার্যক্রম সম্পর্কে জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Advertisements
Advertisements