মেয়ে বলিউড তারকা তবে প্রত্যন্ত গ্রামে কেনো মায়ের অন্য জীবন?

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ যখন অভিনয় দিয়ে জনপ্রিয়তার শিখরে, তখন তার মা সুজান টরকোট বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক জীবন। তামিলনাড়ুর মাদুরাইয়ের প্রত্যন্ত এলাকায় থেকে শিশুদের শিক্ষা ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।
একসময় লন্ডনে বসবাস করলেও ২০০৮ সালে সেই জীবন ছেড়ে তামিলনাড়ুতে চলে আসেন সুজান। গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সেখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। শুরুতে শিশুদের বিনামূল্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করার মতো বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করত সংস্থাটি।
এর ধারাবাহিকতায় ২০১৫ সালে ‘মাউন্টেন ভিউ স্কুল’ প্রতিষ্ঠা করেন সুজান। মাত্র ৩০ জনেরও কম, তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুকে নিয়ে স্কুলটির যাত্রা শুরু হয়েছিল। আশপাশের গ্রামের আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানরাই ছিল এর মূল শিক্ষার্থী। সময়ের সঙ্গে শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। বর্তমানে স্কুলটিতে ৩০০-রও বেশি শিশু পড়াশোনা করছে।
আট সন্তানকে একাই বড় করেছেন সুজান। মায়ের জীবনযাপন সম্পর্কে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, তার মা মাদুরাইয়ে থেকেই স্কুলে শিক্ষকতা করেন এবং শিশুদের নিয়ে কাজ করেই আনন্দ খুঁজে পান।
তবে প্রত্যন্ত অঞ্চলে মায়ের জীবন যে সহজ নয়, সেটিও জানিয়েছেন ক্যাটরিনা। তার ভাষ্য অনুযায়ী, সেখানে দিনে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে। ফলে অনেক সময় মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলাও সম্ভব হয় না। কখনো বিদ্যুৎ, আবার কখনো ইন্টারনেটের সমস্যার কারণে সাধারণ ফোনেই যোগাযোগ করতে হয়।
প্রচণ্ড গরমের মধ্যেও সুজানের সেখানে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। বিদ্যুৎ ও যোগাযোগের নানা সীমাবদ্ধতার মধ্যেই বছরের পর বছর ধরে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
ছোটবেলা থেকেই মায়ের সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত ক্যাটরিনা ও তার ভাইবোনেরা। বিভিন্ন দেশে বসবাসের সময় দারিদ্র্যের মধ্যে থাকা মানুষের জীবনও কাছ থেকে দেখেছেন তারা। সেই অভিজ্ঞতা তাদের বেড়ে ওঠায় প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
একদিকে ক্যাটরিনার তারকাখ্যাতি, অন্যদিকে মায়ের সাদামাটা জীবন—দুই ভিন্ন পথের এই গল্পই সুজান টরকোটকে আলাদা করে আলোচনায় আনে। বিলাসী জীবন বেছে নেওয়ার বদলে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ গড়ার কাজকেই নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ করে নিয়েছেন তিনি।



