ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা, নীরবে বাড়ছে কিডনির ঝুঁকি

দীর্ঘসময় একটানা বসে থাকার অভ্যাস শরীরের জন্য নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে। সরাসরি কয়েক ঘণ্টা বসে থাকলেই কিডনি নষ্ট হয়ে যায় না, তবে দীর্ঘদিন শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকলে পরোক্ষভাবে কিডনির স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম না থাকলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। এর মধ্যে উচ্চ রক্তচাপ, রক্তে শর্করা বেড়ে যাওয়া, অতিরিক্ত ওজন এবং বিপাকীয় স্বাস্থ্যের অবনতি অন্যতম। এসব সমস্যা দীর্ঘদিন স্থায়ী হলে কিডনির ক্ষতির ঝুঁকিও বাড়তে পারে।
বিশেষ করে দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস কিডনির ক্ষুদ্র রক্তনালি এবং রক্ত পরিশোধনের গুরুত্বপূর্ণ অংশগুলো ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে।
কিডনি রোগের ক্ষেত্রে বড় একটি সমস্যা হলো, প্রাথমিক পর্যায়ে অনেক সময় স্পষ্ট কোনো উপসর্গ দেখা যায় না। তাই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন, কিডনি রোগের পারিবারিক ইতিহাসসহ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত কিডনি পরীক্ষা করানো জরুরি।
দীর্ঘক্ষণ বসে থাকার সঙ্গে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যায়ামের অভাব ও অপর্যাপ্ত ঘুম যুক্ত হলে শারীরিক ঝুঁকি আরও বাড়তে পারে। তাই কাজের প্রয়োজনে দীর্ঘসময় বসে থাকতে হলেও মাঝেমধ্যে বিরতি নিয়ে চেয়ার থেকে উঠে কয়েক মিনিট হাঁটার পরামর্শ দেওয়া হয়।
ফোনে কথা বলার সময় হাঁটাহাঁটি করা, সম্ভব হলে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা এবং নিয়মিত মাঝারি বা তুলনামূলক বেশি মাত্রার শরীরচর্চার অভ্যাস গড়ে তোলাও উপকারী। শুধু অফিসে নয়, কাজের বাইরেও দীর্ঘসময় সোফা বা বিছানায় বসে বা শুয়ে না থেকে দৈনন্দিন স্বাভাবিক হাঁটাচলা বাড়ানোর চেষ্টা করা উচিত।



