১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
বিবিধ

গুজব ছড়ানো অনিবন্ধিত পোর্টাল-পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

IMG_4851

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ব্যবহার করে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার জনস্বার্থে দায়ের করা একটি রিটের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনে বলা হয়, অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ থেকে যাচাইহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। এসব তথ্যের বিস্তার ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

জনস্বার্থে রিটটি করেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু।

Advertisements