১৫ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৩১ ভাদ্র ১৪৩৩
বিবিধ

টাকার জন্য ১১ মাসের সন্তানকে হাতিয়ার, বিক্রির হুমকি বাবার

26bd28c360b5a3c093f228a24a9b61ee-6aa877e1cefe9

গাইবান্ধা পৌর শহরে ১১ মাস বয়সী কন্যাশিশুকে নিয়ে নিখোঁজ হয়েছেন তার বাবা। শিশুটিকে ফেরত দেওয়ার বিনিময়ে ১০ হাজার টাকা দাবি এবং টাকা না দিলে তাকে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। প্রায় দুই মাস ধরে শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তার মা।

নিখোঁজ শিশুটির নাম ফাতেমা আক্তার জান্নাত। তার মা রুমানা আক্তারের অভিযোগ, গত ১৭ জুলাই বিকেলে তার স্বামী হামিদুল মিয়া শ্বশুরবাড়িতে আসেন। পরে জুস কিনে দেওয়ার কথা বলে কোলে করে ফাতেমাকে বাইরে নিয়ে যান। এরপর আর শিশুটিকে নিয়ে ফিরে আসেননি তিনি।

ঘটনার দুই দিন পর হামিদুল ফোন করে মেয়েকে ফেরত দেওয়ার জন্য ১০ হাজার টাকা দাবি করেন বলে জানান রুমানা। টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তার।

রুমানা বলেন, তিনি কোনো অর্থ বা অন্য কিছু চান না, শুধু সন্তানকে ফিরে পেতে চান। মেয়েটি কোথায় আছে এবং কী অবস্থায় আছে, তা জানেন না বলে তিনি চরম দুশ্চিন্তায় রয়েছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের জুলাইয়ে হামিদুলের সঙ্গে রুমানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকের টাকা জোগাড় করতে হামিদুল তার ওপর শারীরিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে। সন্তান জন্মের পর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। একপর্যায়ে রুমানা শিশুকে নিয়ে গাইবান্ধা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধানঘড়া এলাকায় বাবার বাড়িতে আশ্রয় নেন।

স্বজনদের অভিযোগ, মাদকের অর্থ সংগ্রহের জন্যই হামিদুল নিজের সন্তানকে ব্যবহার করছেন। স্থানীয় বাসিন্দারাও তার মাদকাসক্তির বিষয়টি নিশ্চিত করে শিশুটিকে দ্রুত উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

Advertisements

শিশুটির নানি রোশনা বেগম জানান, তারা দরিদ্র ও দিনমজুর পরিবার। ফলে ১০ হাজার টাকা দেওয়াও তাদের পক্ষে সম্ভব নয়। দ্রুত নাতনিকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চান তিনি।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

Advertisements