দূষিত বায়ুর শহরের তালিকায় চতুর্থ ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬৭। এই স্কোর অনুযায়ী, রাজধানীর বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত তালিকায় ২২৫ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা।
২০১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ১৬৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর ১৫৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং।

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।
ফলে ১৬৭ স্কোর নিয়ে ঢাকার বর্তমান বায়ুমান সাধারণ মানুষের জন্যও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।



