আওয়ামী লীগ আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না: প্রতিমন্ত্রী পুতুল

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যাসিস্ট সরকার হিসেবে আওয়ামী লীগ দেশকে ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে। দলটি আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা অডিটোরিয়ামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ফারজানা শারমিন পুতুল বলেন, দুর্ঘটনা বা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দিচ্ছে। তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহযোগিতাও অব্যাহত থাকবে।
তিনি বলেন, মানুষের বিপদের সময় পাশে থাকাই রাজনীতির অন্যতম প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে আবার ব্যবসা শুরু করে নিজেদের জীবিকা স্বাভাবিক করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অতীতে ক্ষমতায় থাকা সরকার দেশের অর্থনীতি ও সামাজিক কাঠামোকে দুর্বল করে দিয়ে গেছে। সেই ক্ষতি কাটিয়ে দেশকে পুনর্গঠনের জন্য বর্তমান সরকার কাজ করছে। জনগণের জীবনমান উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
অনুষ্ঠানে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম, বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
চেক বিতরণ অনুষ্ঠানের পর প্রতিমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাঁদের ক্ষয়ক্ষতি ও বর্তমান পরিস্থিতির বিষয়ে খোঁজ নেন তিনি। ভবিষ্যতে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা এড়াতে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার আহ্বান জানান।
সম্প্রতি বাগাতিপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। তাঁদের পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।



