১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
বিনোদন

সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর

68f624cbe2af6239d28d65b6a7c9436a-672f7209b153e

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন চিত্রনায়ক আলমগীর। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে সমসাময়িক ও পরবর্তী প্রজন্মের অনেক অভিনেত্রীর সঙ্গেও অভিনয় করেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না এই অভিনেতাকে।

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের দীর্ঘ ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন আলমগীর। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, বর্তমানে কোনো সিনেমায় অভিনয়ের সুযোগ পেলে তার বিপরীতে কাকে নায়িকা হিসেবে দেখতে চান?

জবাবে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নাম উল্লেখ করেন আলমগীর। এর পেছনে কারণও ব্যাখ্যা করেছেন তিনি। আলমগীরের মতে, উচ্চতার দিক থেকে মিম তার সঙ্গে বেশ মানানসই। এ কারণেই সুযোগ পেলে তাকে নায়িকা হিসেবে পেতে চান তিনি।

মিমের অভিনয় ও ব্যক্তিত্বেরও প্রশংসা করেন এই বর্ষীয়ান অভিনেতা। তিনি বলেন, মিম ভালো মেয়ে এবং তার কথাবার্তাও বেশ মিষ্টি। ভবিষ্যতে নতুন কোনো সিনেমায় কাজ করার সুযোগ হলে তার সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনার কথাও জানান আলমগীর।

‘আমার জন্মভূমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় আলমগীরের। এরপর আশি ও নব্বইয়ের দশকে একের পর এক সফল সিনেমায় অভিনয় করে দেশের চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। পারিবারিক গল্প, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন থেকে শুরু করে ফোক-ফ্যান্টাসি—বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেতা।