বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
বিবিধ

মেসির পর আর্জেন্টিনার সম্ভাব্য অধিনায়ক কে?

IMG_4311

লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দল থেকে আনুষ্ঠানিক অবসরের পর নতুন করে আলোচনায় এসেছে দলটির পরবর্তী অধিনায়ক কে হবেন। দীর্ঘ সময় ধরে মেসির হাতেই ছিল আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড। তার বিদায়ের পর তাই নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

এখন পর্যন্ত আর্জেন্টিনার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, সম্ভাব্য অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ক্রিস্টিয়ান রোমেরো। ২৮ বছর বয়সী এই সেন্টারব্যাক আগামী কয়েক বছর জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় রয়েছেন। মাঠে তার নেতৃত্বগুণ, সতীর্থদের সঙ্গে যোগাযোগ এবং ক্লাব ফুটবলে অধিনায়কত্বের অভিজ্ঞতা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে।

তবে রোমেরো একমাত্র প্রার্থী নন। আলোচনায় রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজও। সমর্থকদের কাছে ব্যাপক জনপ্রিয় এই গোলরক্ষক মাঠ ও মাঠের বাইরে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা দেখিয়েছেন। তবে গোলরক্ষক হওয়ায় মাঠের কিছু পরিস্থিতিতে সতীর্থ ও রেফারির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তুলনামূলক সীমাবদ্ধতা থাকতে পারে।

মেসির দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো ডি পলও রয়েছেন সম্ভাব্য অধিনায়কের তালিকায়। মেসির কাছ থেকে নেতৃত্বের অনেক কিছু শেখার সুযোগ হয়েছে তার। মাঠে সরব উপস্থিতিও ডি পলের বড় শক্তি। তবে ২০২৬ বিশ্বকাপে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠায় নিয়মিত একাদশে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে তাকে অধিনায়ক করা কতটা কার্যকর হবে, সেটিও বিবেচনায় নিতে হবে আর্জেন্টিনাকে।

এ ছাড়া লাউতারো মার্তিনেজ ও জুলিয়ান আলভারেজের নামও আলোচনায় রয়েছে। তবে জাতীয় দলে নিয়মিত একাদশে লাউতারোর জায়গা সবসময় নিশ্চিত না হওয়ায় তার সম্ভাবনা কিছুটা কম। অন্যদিকে ভবিষ্যতের জন্য এনজো ফার্নান্দেজকেও বিবেচনা করা হচ্ছে। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার চেলসিতে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই ভবিষ্যতে তাকে অধিনায়ক হিসেবে গড়ে তোলার সুযোগ রয়েছে।

সবদিক বিবেচনায় মেসির উত্তরসূরি হিসেবে আপাতত সবচেয়ে যৌক্তিক প্রার্থী হিসেবে রোমেরোর নামই সামনে আসছে। তবে তার কার্ড পাওয়ার প্রবণতা থাকায় বিকল্প অধিনায়ক নির্ধারণ করাও আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

Advertisements