বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
জীবনযাপন

দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাসে বাড়তে পারে হৃদরোগ-ক্যান্সারের ঝুঁকি

IMG_4308

দীর্ঘ সময় একটানা বসে থাকা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ডেস্কে কাজ করা, দীর্ঘ সময় গাড়িতে বসে থাকা কিংবা স্ক্রিনের সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর অভ্যাসের সঙ্গে স্থূলতা, উচ্চ রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়া এবং অস্বাস্থ্যকর কোলেস্টেরলের মতো বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে।

গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত বসে থাকার সঙ্গে মেটাবলিক সিনড্রোমের সম্পর্ক রয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় বসে থাকা হৃদরোগ ও ক্যান্সারে মৃত্যুর ঝুঁকিও বাড়াতে পারে।

গবেষকরা ১০ লাখেরও বেশি মানুষের বসে থাকার সময় ও শারীরিক কার্যকলাপ নিয়ে করা ১৩টি গবেষণা বিশ্লেষণ করেছেন। এতে দেখা যায়, যারা কোনো ধরনের শারীরিক কার্যকলাপ ছাড়াই দিনে আট ঘণ্টার বেশি বসে থাকেন, তাদের মৃত্যুঝুঁকি স্থূলতা ও ধূমপানের সঙ্গে সম্পর্কিত ঝুঁকির কাছাকাছি হতে পারে।

তবে নিয়মিত শারীরিক কার্যকলাপ এই ঝুঁকি অনেকটাই কমাতে পারে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৬০ থেকে ৭৫ মিনিট মাঝারি মাত্রার অ্যারোবিক ব্যায়াম অতিরিক্ত বসে থাকার ক্ষতিকর প্রভাব কিছুটা প্রশমিত করতে পারে। সবচেয়ে বেশি সক্রিয় ব্যক্তিদের ক্ষেত্রে বসে থাকার সময় মৃত্যুঝুঁকির ওপর তুলনামূলকভাবে কম প্রভাব পড়ে।

স্বাস্থ্য ভালো রাখতে তাই দীর্ঘক্ষণ বসে থাকার অভ্যাস কমানোর পাশাপাশি নিয়মিত নড়াচড়া করা জরুরি। শুরুতে প্রতি ৩০ মিনিট পরপর বসা থেকে উঠে কিছুক্ষণ দাঁড়ানো বা হাঁটার অভ্যাস করা যেতে পারে। কাজের ফাঁকে হাঁটার সুযোগ তৈরি করাও উপকারী।

ডেস্কে বসে কাজ করার ক্ষেত্রে মাঝে মাঝে স্ট্যান্ডিং ডেস্ক ব্যবহার করা যেতে পারে। উঁচু টেবিল বা কাউন্টারের সামনে দাঁড়িয়েও কাজ করা সম্ভব। তবে শুধু দাঁড়িয়ে থাকলেই দীর্ঘক্ষণ বসে থাকার সব ঝুঁকি কমে যায় কি না, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

এ ছাড়া সহকর্মীদের সঙ্গে বসে মিটিং করার পরিবর্তে হাঁটতে হাঁটতে মিটিং করার অভ্যাস করা যেতে পারে। কেউ চাইলে কম্পিউটার ব্যবহারের সময় ট্রেডমিলের ওপর হাঁটার ব্যবস্থাও করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, সব ধরনের শারীরিক নড়াচড়াই স্বাস্থ্যের জন্য উপকারী। এমনকি হালকা মাত্রার নড়াচড়াও ক্যালোরি পোড়াতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে, কর্মশক্তি বাড়াতে এবং পেশি শক্তিশালী করতে সহায়তা করে। পাশাপাশি নিয়মিত শারীরিক কার্যকলাপ মানসিক সুস্থতার জন্যও গুরুত্বপূর্ণ, বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে।

Advertisements