পদ্মা সেতুতে দুর্ঘটনার ভিডিও ভাইরাল: বাস নয় যেন ‘রোলার কোস্টার’

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।
এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।
আহতদের মধ্যে ৮ জনের নাম জানা গেছে। তারা হলেন–গুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩),চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ৭ বছর বয়সী ফাতেমা, শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী এলাকার আরাফাত (১৩)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে মাগুরা থেকে ঢাকাগামী ‘নিউ গ্রীন লাইন এক্সপ্রেস’ বাসটি পদ্মা সেতুর ঢালে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে আহতদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এদিকে এই দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, পদ্মাসেতুতে সামনে থাকা একটি বাসকে দ্রুতগতিতে কাটানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় দুর্ঘটনাকবলিত বাসটি। একপর্যায়ে এটি স্লিপ কেটে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে এবং বাসের সামনের অংশ থেকে ভেঙে পড়তে দেখা যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণহীনভাবে পেছন দিকে চলতে থাকে এবং কিছুদূর গিয়ে উল্টে যায়।
পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, দুর্ঘটনার পর সেতু কতৃপক্ষের নিরাপত্তা টহলগাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌছায়। সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। এছাড়া বৃষ্টির কারণে সেটি স্লিপ করে। তিনি বলন, এসময় সেতুর রেলিংয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। সেগুলো সংস্কারে কাজ চলছে।




