চায়ের সঙ্গে মুখরোচক ভুট্টার পাকোড়া

বিকেলের অলস আড্ডা কিংবা চায়ের সঙ্গে একটু মুচমুচে আর মুখরোচক নাশতা খেতে অনেকে ভালোবাসেন। চাইলেই সাধারণ পেঁয়াজির বদলে বিকেলের নাশতায় বানিয়ে নিতে পারেন এক দারুণ টুইস্ট। বাইরে থেকে ধোঁয়া ওঠা মচমচে, আর ভেতরে মিষ্টি ভুট্টার রসাল স্বাদ ও কাঁচা মরিচের হালকা ঝাল—এই দুইয়ের যুগলবন্দীতে ভুট্টার পাকোড়া সত্যিই অনন্য। কম সময়ে আর সহজ কিছু ঘরোয়া উপাদানেই তৈরি করে নেওয়া যায় পুষ্টিকর এই নাশতা। ছোট-বড় সবার মন জয় করতে গরম-গরম সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন মজাদার এই ভুট্টার পাকোড়া!
উপকরণ
- ভুট্টার দানা— ৩ কাপ
- পেঁয়াজ— ২টি (ছোট)
- ক্যাপসিকাম— ১টি (ছোট)
- কাঁচা মরিচ— ৩-৪টি
- আদা বাটা— ১ টেবিল চামচ
- মরিচ গুঁড়ো— আধ চা চামচ
- ধনে পাতা— এক মুঠো
- বেসন— আধ কাপ
- কর্ন ফ্লাওয়ার— আধ কাপ
- লবন— স্বাদ মতো
- তেল— ১ কাপ
- মৌরি গুঁড়ো— ১ টেবিল চামচ
- ভাজা জিরে গুঁড়ো— ১ টেবিল চামচ
- চাট মশলা— ১ টেবিল চামচ
প্রণালী
প্রথমে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা মরিচ ছোট ছোট করে কুচি করে রাখুন। একটি বাটিতে বেসন, কর্নফ্লাওয়ার, লবন, ভাজা জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, আদা বাটা, মরিচ গুঁড়ো আর পানি মিশিয়ে একটি ব্যাটার তৈরি করুন। এবার ওই ব্যাটারে একে একে ভুট্টার দানা, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা মরিচ, ধনে পাতা কুচি মেশান।
এবার কড়াইয়ে সাদা তেল গরম করুন। তারপর অল্প করে মিশ্রণ নিয়ে পাকোড়ার আকারে গড়ে গরম তেলে ছাড়ুন। ডুবো তেলে লালচে করে ভেজে তুলুন। শুকনো কাগজ বা কিচেন ন্যাপকিনে পাকোড়া মুড়িয়ে রাখুন বেশ কিছুক্ষণ। এতে পাকোড়ার অতিরিক্ত তেল কাগজ শুষে নেবে। এ বার ওপর থেকে চাট মশলা ছড়িয়ে চাটনি বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ভুট্টার পাকোড়া।



