২৩ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৭ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ

চতুর্থ শ্রেণির ছাত্রীর হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

IMG_6570

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর এক নৃশংস অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগী শিশুর চাচাতো ভাইসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। প্রায় ছয় বছর আগে তার বাবা মারা যান। মা ও বড় বোন একটি প্রতিষ্ঠানে চাকরি করায় শিশুটি দিনের বেশিরভাগ সময় বাড়িতে একাই থাকত। সেই সুযোগে গত মে মাসে শিশুটিকে ফুসলিয়ে তাদের পুরোনো বাড়িতে নিয়ে প্রথম ধর্ষণ করেন তার চাচাতো ভাই। পরবর্তীতে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে অন্যান্য আসামিরাও বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

সম্প্রতি শিশুটি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত চাচাতো ভাই তাকে গোপনে ওষুধ এনে খাওয়ায়। এর ফলে গতকাল বুধবার ভোর চারটার দিকে শিশুটির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং গর্ভপাত ঘটে। চরম যন্ত্রণার মুখে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা প্রকাশ করে।

অবস্থা আশঙ্কাজনক দেখে পরিজনরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের একটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যা পরবর্তীতে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়।

Advertisements

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার চার আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার ৪ নম্বর আসামি বর্তমানে পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Advertisements