‘আপনি আমাদের ফুফু’, দীপা খন্দকারকে ভক্তদের ভালোবাসা

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নানা পোস্ট ঘিরে ভক্তদের আগ্রহের শেষ নেই। কখনো ব্যক্তিগত অনুভূতি, কখনো কাজের অভিজ্ঞতা, আবার কখনো প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্ত ভাগ করে নেন তাঁরা। ফেসবুকে এমনই কিছু পোস্টে নিজেদের ভাবনা প্রকাশ করেছেন অভিনয়শিল্পী জাকিয়া বারী মম, দীপা খন্দকার, দিলরুবা দোয়েল, আনন্দ খালেদ ও প্রিয়ন্তী উর্বী।
অভিনেত্রী জাকিয়া বারী মমর বাবা মজিবুল বারী একজন কবি ও ছড়াকার। বাবার লেখার কথা স্মরণ করে একটি ছবি পোস্ট করেছেন মম। সেখানে তিনি লিখেছেন, ‘স্বপ্ন কানামাছি খেলা নয়, কখনো ছুঁয়ে যাবে, কখনো ধরা দেবে, স্বপ্ন তো বাতিঘর, লক্ষ্যে পৌঁছাব।’ তাঁর এই কথায় স্বপ্ন দেখা ও লক্ষ্যে পৌঁছানোর প্রত্যয়ের বিষয়টি উঠে এসেছে।
অন্যদিকে, ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ফুফু চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন দীপা খন্দকার। নাটকের সেই চরিত্রের কারণে এখনো ভক্তদের কাছে ‘ফুফু’ হিসেবেই পরিচিতি পাচ্ছেন তিনি। সম্প্রতি ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, ‘শুধু শরীরের ওজন না, মনের ওজনও কমাতে হবে।’ তাঁর পোস্টে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনি আমাদের ফুফু।’ নাটকের চরিত্রের সঙ্গে দর্শকের এই আবেগঘন সংযোগ আবারও উঠে এসেছে মন্তব্যে।
ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজের মাতৃত্বের গল্পও ভাগ করে নিয়েছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। একক মা হিসেবে ছেলেকে বড় করা এই অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন, ‘চলছে আমাদের গন্তব্যহীন যাত্রা।’ তাঁর এই ছোট্ট কথায় মা-ছেলের একসঙ্গে পথচলার অনুভূতি ফুটে উঠেছে।
এদিকে, অভিনেতা সাজু খাদেমের জন্মদিনে তাঁকে নিয়ে একটি মজার স্মৃতি শেয়ার করেছেন আরেক অভিনেতা আনন্দ খালেদ। তিনি লিখেছেন, একদিন রাতে মন খারাপ করে বেইলি রোডের ফুটপাতে বসে ছিলেন। হঠাৎ একটি বড় গাড়ি তাঁর সামনে থামে। গাড়ি থেকে নেমে সাজু খাদেম তাঁকে জিজ্ঞেস করেন, ‘খুব ক্ষিদে পেয়েছে? না?’ সাজু খাদেমের এমন কথায় হেসে ওঠেন আনন্দ খালেদ, আর মুহূর্তেই তাঁর মন ভালো হয়ে যায়। সেই স্মৃতি মনে করে তিনি লিখেছেন, ‘সবার সেন্স অফ হিউমার কেন সাজু ভাই এর মত হয় না।’
অন্যদিকে, নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। শুটিংয়ের ফাঁকে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নিজের মতো, নিজের ছন্দে, নিজের গল্পে।’ নিজের জীবন ও পথচলাকে নিজের মতো করে উপভোগ করার বার্তাই যেন উঠে এসেছে তাঁর এই ক্যাপশনে।
তারকাদের এসব ফেসবুক পোস্টে কখনো উঠে এসেছে স্বপ্নের কথা, কখনো সম্পর্কের টান, আবার কখনো হাস্যরস কিংবা নিজের মতো করে বেঁচে থাকার অনুভূতি। ভক্তদের মন্তব্য ও প্রতিক্রিয়ায় সেসব মুহূর্তই হয়ে উঠছে আরও প্রাণবন্ত।



