বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
বিবিধ

অসুস্থতার মধ্যেও যৌন সম্পর্কে বাধ্য করতেন পরিচালক

IMG_4172

তেলেগু সিনেমার পরিচালক পবন সাদিনেনির বিরুদ্ধে যৌন নির্যাতন ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ করেছেন এক নারী। বিয়ে ও সিনেমায় কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পবন তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ। পরে ওই নারী জানতে পারেন, পবন বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে।

গত ৭ আগস্ট হায়দরাবাদের গোলকোন্ডা থানায় ওই নারীর অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়। পরে পুলিশ পবন সাদিনেনিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে ম্যাজিস্ট্রেট তাঁকে বিচারিক হেফাজতে চাঞ্চলগুডা কারাগারে পাঠান।

অভিযোগকারী জানান, এক বছরের বেশি সময় ধরে পবনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। শুরুতে পবন তাঁকে আর্থিকভাবে সহযোগিতা করতেন, হাসপাতালে নিয়ে যেতেন এবং স্বাস্থ্য, ক্যারিয়ার ও আর্থিক বিষয়ে পাশে থাকার আশ্বাস দিতেন। ওই নারী একটি সিনেমা পরিচালনার পরিকল্পনা করছিলেন। পবন সেটি প্রযোজনা করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন বলে অভিযোগ।

একপর্যায়ে ওই নারী জানতে পারেন, পবন বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, পবন তাঁকে জানান, তাঁর বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়া শেষ হলে তাঁকেই বিয়ে করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তী সময়ে তাঁদের সম্পর্ক মূলত যৌন সম্পর্কে সীমাবদ্ধ হয়ে পড়ে। এ সময়ও পবন তাঁকে বিয়ে, বাড়ি, আর্থিক নিরাপত্তা ও সিনেমায় কাজের সুযোগ দেওয়ার কথা বললেও কোনো প্রতিশ্রুতি পূরণ করেননি বলে অভিযোগ।

শারীরিক অসুস্থতার কথা জানানোর পরও পবন তাঁকে যৌন সম্পর্কে বাধ্য করতেন বলে অভিযোগ করেছেন ওই নারী। এমনকি প্যানিক অ্যাটাকের কথা জানানোর পরও ভিডিও কলের মাধ্যমে যৌন কার্যকলাপে বাধ্য করার অভিযোগ রয়েছে। এসব ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

অভিযোগে ৫ আগস্টের একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। ওই নারীর দাবি, সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে নিজের বাড়িতে পবন তাঁকে শারীরিকভাবে আঘাত করেন। মুখে আঘাতের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মুখ ও চোখের আশপাশে ফোলা, মাথাব্যথা এবং পিঠে ব্যথা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে গোলকোন্ডা পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৯ ধারা—প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপন এবং ১১৫(২) ধারা—ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে মামলা করেছে।

২০১৩ সালে ‘প্রেম ইশক কাদাল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় পবন সাদিনেনির। এরপর ২০১৪ সালে ‘সাবিত্রী’ পরিচালনা করেন তিনি। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজ ২০২৩ সালের ওয়েব সিরিজ ‘দয়া’, যা ‘তাকদির’ সিরিজের রিমেক। বর্তমানে দুলকার সালমান, পূজা হেগড়ে ও শ্রুতি হাসান অভিনীত ‘আকাশম লো ওকা তারা’ সিনেমাটি পরিচালনা করছেন পবন।

সূত্র: প্রথম আলো

Advertisements