নদীগর্ভে বিলীনের শঙ্কা, বিদ্যালয় রক্ষায় মানববন্ধন

বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনের কবল থেকে বিদ্যালয় রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। নদীভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া ও উত্তর বাহেরচর বাজারসংলগ্ন ভাঙনকবলিত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি বর্ষা মৌসুমে সন্ধ্যা নদীর তীব্র স্রোতের কারণে পশ্চিম ভূতেরদিয়া এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে গ্রামের একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে অর্ধশতাধিক পরিবারের বসতভিটা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে মধ্য-পশ্চিম ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, উত্তর বাহেরচর বাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা নদীভাঙনের হুমকির মুখে পড়েছে।
বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বজলুর রহমান মিন্টু বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিবছর নদীভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না থাকায় অনেক পরিবার তাদের বসতভিটা হারাচ্ছে। চলতি বছর পশ্চিম ভূতেরদিয়া এলাকায় নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও অনেক পরিবার ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতির মুখে পড়বে।
কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহসিন মুন্না বলেন, মধ্য-পশ্চিম ভূতেরদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং বাজারের দোকানপাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা বর্তমানে নদীভাঙনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। দ্রুত নদীতীরে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত স্থায়ীভাবে নদীভাঙন রোধের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, প্রতি বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন উপজেলার নদীভাঙন তীব্র আকার ধারণ করে। বাবুগঞ্জের আড়িয়াল খাঁ, সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন প্রতিরোধে কয়েকটি প্যাকেজের আওতায় জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ চলছে।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা রক্ষায় পর্যায়ক্রমে নদীভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



