২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষা

২৪ ডিসেম্বর পরীক্ষার ফল ও নতুন বই একসঙ্গে পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

news-books-

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন শিক্ষাবর্ষের বই হাতে পেতে যাচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। আগামী ২৪ ডিসেম্বর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। একই দিনে উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণির নতুন বই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের দিনই নতুন শ্রেণির বই নিয়ে বাড়ি ফিরতে পারবে। যেমন, যারা চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হবে, তারা সেদিনই পঞ্চম শ্রেণির বই হাতে পাবে।

বই বিতরণের প্রস্তুতি প্রায় শেষ

নতুন শিক্ষাবর্ষের বই সরবরাহের অগ্রগতি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইতোমধ্যে নতুন বই পৌঁছে দেওয়া হয়েছে। মাধ্যমিক পর্যায়ের বইও আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেওয়া হবে ২৪ ডিসেম্বর।

এবার বইয়ের গুণগত মান নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। উন্নত মানের কাগজ ও ছাপার মাধ্যমে বই প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা দীর্ঘদিন বই ব্যবহার করতে পারে। নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রকাশকদের বিল পরিশোধ করা হবে না বলেও সতর্ক করেন শিক্ষামন্ত্রী।

Advertisements

অর্থের অভাবে ঝরে পড়বে না মেধাবীরা

শিক্ষার সুযোগ সবার জন্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে আ ন ম এহসানুল হক মিলন বলেন, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়া উচিত নয়। এ ধরনের শিক্ষার্থীদের চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।

এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে উদ্দেশ করে তিনি বলেন, অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না—এমন মেধাবী শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে খোঁজ নিতে হবে। কোনো শিক্ষার্থীর এমন সমস্যা নজরে এলে তাঁকে জানাতে বলেন মন্ত্রী। প্রয়োজনে নিজের ব্যক্তিগত তহবিল থেকেও সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

নতুন বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে নানা সুবিধা

শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পোশাক, জুতা ও মোজা সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত করতে শিক্ষকদের ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত দুটি শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া সুবিধার আওতায় আনা হবে। একই সঙ্গে মাদ্রাসাগুলোতেও আধুনিক প্রযুক্তিসম্পন্ন শ্রেণিকক্ষ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপস্থিত ছিলেন যাঁরা

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকী উল্লাহ ফরিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে গজারিয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।

Advertisements