২৮ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিবিধ

সাহসী মা বিড়াল স্কারলেটের গল্প

সাহসী মা বিড়াল স্কারলেটের গল্প

প্রাণীরা কি কেবল সহজাত প্রবৃত্তি থেকে কাজ করে, নাকি তাদেরও রয়েছে আবেগ, ভালোবাসা ও মায়া? এক আগুনের ঘটনায় পাঁচ সন্তানকে বাঁচাতে নিজের জীবন বিপন্ন করে এই প্রশ্নের উত্তর যেন দিয়েছিল স্কারলেট নামের এক মা বিড়াল।

প্রাণীরা ভয় পায়, ব্যথা অনুভব করে, প্রিয়জনকে হারিয়ে শোক করে। এমনকি পরিবার ও ভালোবাসার অনুভূতিও তাদের মধ্যে দেখা যায়। তবু প্রাণীদের আচরণকে অনেক সময় কেবল সহজাত প্রবৃত্তি দিয়ে ব্যাখ্যা করা হয়। কিন্তু ১৯৯৬ সালের এক অগ্নিকাণ্ডে পাঁচ সন্তানকে বাঁচাতে মা বিড়াল স্কারলেটের অসাধারণ চেষ্টা সেই ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল।

১৯৯৬ সালের ৩০ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে একটি পরিত্যক্ত গ্যারেজে পাঁচটি বাচ্চা নিয়ে আশ্রয় নিয়েছিল স্কারলেট। হঠাৎ সেখানে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। আগুন নেভানোর পর এক দমকলকর্মী ডেভিড জিয়ানেলি দেখতে পান, একটি বিড়াল গ্যারেজ থেকে একে একে তার বাচ্চাদের বাইরে নিয়ে আসছে।

সংগৃহীত

বিড়ালটি ছিল স্কারলেট। সন্তানদের বাঁচাতে আগুনের মধ্যে ছুটে গিয়ে নিজেই ভয়াবহভাবে পুড়ে যায় সে। তার চোখে ফোসকা পড়ে বন্ধ হয়ে যায় দৃষ্টিশক্তি। কান ও পায়ের পাতাও পুড়ে যায়। শরীরের লোম ঝলসে যায়, মুখের বেশির ভাগ লোম পুড়ে প্রায় উঠে যায়।

এত ভয়াবহ আঘাতের মধ্যেও থেমে থাকেনি স্কারলেট। একে একে পাঁচটি বাচ্চাকে আগুনের বাইরে নিয়ে আসে সে। চোখে দেখতে না পাওয়ায় নাক দিয়ে প্রতিটি বাচ্চাকে স্পর্শ করে পরীক্ষা করে নেয়, সবাই বেঁচে আছে কি না এবং কাছে আছে কি না। এরপরই ক্লান্ত ও আহত শরীর নিয়ে অচেতন হয়ে পড়ে সে।

দমকলকর্মী জিয়ানেলি মা ও বাচ্চাদের নিয়ে যান নিউইয়র্কের পোর্ট ওয়াশিংটনে অবস্থিত নর্থ শোর অ্যানিমেল লিগের পশু চিকিৎসাকেন্দ্রে। সেখানে স্কারলেট ও তার বাচ্চাদের চিকিৎসা শুরু হয়। এক মাস পর ভাইরাসে আক্রান্ত হয়ে দুর্বলতম সাদা বাচ্চাটি মারা যায়। তবে বাকি বাচ্চারা ও স্কারলেট দীর্ঘ তিন মাস চিকিৎসা ও সুস্থ হওয়ার সময় কাটিয়ে অবশেষে দত্তক নেওয়ার উপযোগী হয়ে ওঠে।

Advertisements
সংগৃহীত

স্কারলেটের সন্তানদের বাঁচানোর এই ঘটনা বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। তাকে ও তার বাচ্চাদের দত্তক নেওয়ার আগ্রহ জানিয়ে পশু চিকিৎসাকেন্দ্রে প্রায় সাত হাজার চিঠি আসে। পরে বাচ্চাদের দুটি জোড়ায় ভাগ করে লং আইল্যান্ডের দুই পরিবারের কাছে দত্তক দেওয়া হয়। আর স্কারলেটকে দত্তক নেন কারেন ওয়েলেন নামের এক নারী। নিজের পোষা বিড়ালকে দুর্ঘটনায় হারানোর অভিজ্ঞতা থেকে তিনি বিশেষ যত্ন প্রয়োজন এমন প্রাণীদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

স্কারলেটের সাহসিকতার স্মরণে নর্থ শোর অ্যানিমেল লিগ চালু করে ‘স্কারলেট অ্যাওয়ার্ড ফর অ্যানিমেল হিরোইজম’। অন্যদের সাহায্য করতে সাহসী ভূমিকা রাখা প্রাণীদের সম্মান জানাতে এই পুরস্কার দেওয়া হয়।

ভয়, ভালোবাসা কিংবা সন্তানকে আগলে রাখার প্রবল আকাঙ্ক্ষা—এসব অনুভূতির প্রকাশ শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়।

Advertisements