গ্যাসসংকট ‘আগের সরকারের পাপের ফল’: জাহেদ উর রহমান

গ্যাসসংকট আগের সরকারের ‘পাপের ফল’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণের দুর্ভোগের দায় স্বীকার করে সরকার সংকট নিরসনে কাজ করছে। তবে গ্যাসসংকট পুরোপুরি কাটিয়ে উঠতে আরও অন্তত দুই বছর সময় লাগতে পারে।
মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, গ্যাসসংকট নিরসনে সরকার একটি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। পুরো সংকট সমাধানে কমপক্ষে আরও দুই বছর সময় লাগবে। তবে এই সময়ের মধ্যে সাময়িক দুর্ভোগ যেন বেশি না হয়, সে বিষয়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
গ্যাসসংকট নিয়ে বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দল সরকারের ওপর দায় চাপাবে, এটি তারা করতেই পারে। তবে অপ্রয়োজনে সরকারের ওপর চাপ সৃষ্টি করে জনগণের দুর্ভোগ বাড়ানো উচিত নয়। এ ধরনের আন্দোলন করলে জনগণ বিরোধী দলকে প্রত্যাখ্যান করবে।
তিনি আরও বলেন, রাজপথের পরিবর্তে সংসদে গিয়ে বিরোধী দলের উচিত যুক্তি তুলে ধরা। অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে জনগণের ভোগান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
গ্যাসসংকটে মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে জাহেদ উর রহমান বলেন, মানুষ যথেষ্ট কষ্ট পাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। মানুষের কষ্টের বিষয়টি সরকার স্পষ্টভাবে স্বীকার করছে। তবে এই সংকটের জন্য বর্তমান সরকারকে দায়ী করা ঠিক নয়।



