২০ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ৫ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

বাড়ির সামনেই দুর্ঘটনার কবলে ঋতুপর্ণার গাড়ি, অল্পের জন্য রক্ষা

image_217743_1756388354 (1)

টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ির সামনে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাড়ির পার্কিংয়ে রাখা তার গাড়িতে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর। এতে অভিনেত্রীর গাড়িটির পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনায় ক্ষতির মুখে পড়েছে তার এক বন্ধুর গাড়িও।

ঘটনার সময় বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন ঋতুপর্ণা। হঠাৎ বাইরে থেকে বিকট শব্দ শুনতে পেয়ে বাড়ির কর্মীদের সঙ্গে দ্রুত বেরিয়ে আসেন তিনি। বাইরে এসে দেখতে পান, একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে রাখা তার গাড়িতে সজোরে আঘাত করেছে।

সংগৃহীত

দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে অভিনেত্রী জানান, গাড়ির পেছনের বাঁ দিকের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তার এক বন্ধুর গাড়িও রেহাই পায়নি। ঘটনাস্থলে তখন কোনো মানুষ অবস্থান করলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল বলেও জানান তিনি।

ঋতুপর্ণার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ম্যাটাডোরচালককে আটক করেন তিনি ও তার বাড়ির কর্মীরা। পরে চালকের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।

তিনি জানান, চালক নিজেই স্বীকার করেছেন যে তার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই তিনি গাড়িটি চালাচ্ছিলেন বলে অভিযোগ করেন ঋতুপর্ণা।

এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে উল্লেখ করে অভিনেত্রী বলেন, সড়কে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা জরুরি। সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির কারণ হতে পারে।

Advertisements

বাড়ির সামনে এমন দুর্ঘটনার মুখোমুখি হয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ও ক্ষুব্ধ ঋতুপর্ণা। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

Advertisements