বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
বিবিধ

মোদির একান্ত সচিব কে এই নিধি তিওয়ারি

IMG_20260813_230841

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নিধি তিওয়ারি। পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) উপ-সচিব ও ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

লখনউতে বেড়ে ওঠা নিধি তিওয়ারি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। মেধার স্বীকৃতি হিসেবে পান বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলও। পড়াশোনা শেষে ভারতের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে বিজ্ঞানী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

তবে বিজ্ঞানী হিসেবে প্রতিষ্ঠিত ক্যারিয়ারও তাকে থামাতে পারেনি। সিভিল সার্ভিসে যোগ দেওয়ার প্রবল আগ্রহ থেকে ২০০৮ সালে চাকরি ছেড়ে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন নিধি। দীর্ঘ প্রস্তুতির পর ২০১২ সালের পরীক্ষায় সফল হলেও তার নাম ছিল অপেক্ষমাণ তালিকায়। এতে হতাশ না হয়ে আবারও পরীক্ষায় অংশ নেন তিনি।

২০১৩ সালের ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় মেধাতালিকায় ৯৬তম স্থান অর্জন করেন নিধি। এরপর ২০১৪ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের (আইএফএস) কর্মকর্তা হিসেবে কর্মজীবনের নতুন অধ্যায় শুরু হয় তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেন নিধি। তার অভিজ্ঞতার পরিধি আরও বিস্তৃত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগ দেওয়ার পর।

২০২২ সালের নভেম্বরে পিএমওতে আন্ডার সেক্রেটারি হিসেবে যোগ দেন তিনি। পরে পদোন্নতি পেয়ে ডেপুটি সেক্রেটারি হন। সেখানে পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও কৌশলগত বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও নিরাপত্তাসংক্রান্ত কাজে যুক্ত ছিলেন তিনি।

বিজ্ঞানী থেকে কূটনীতিক, এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব—নিধি তিওয়ারির ক্যারিয়ারের এই পথচলা একাধিকবার পেশাগত মোড় বদলের গল্প। পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতাই শেষ পর্যন্ত তাকে ভারতের প্রধানমন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Advertisements
নিধি তিওয়ারিভারতমোদি