বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১০ আগস্ট, ২০২৬
বিবিধ

ইংরেজি-গণিতে দুর্বলতা, মানবিকে ফেল ৫১ শতাংশের বেশি

WhatsApp Image 2026-08-10 at 6.11.58 PM

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে ইংরেজি ও গণিতে দুর্বলতার চিত্র স্পষ্ট হয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফলাফলে। এ বিভাগে পাসের চেয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা বেশি। মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেওয়া প্রতি ১০০ জনের মধ্যে ৫১ জনের বেশি শিক্ষার্থী এবার উত্তীর্ণ হতে পারেননি।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফল অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। ২০০৭ সালের পর এবারই সবচেয়ে কম পাসের হার দেখা গেছে। ওই বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৬ শতাংশ।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। ফেল করেছেন ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

মানবিক বিভাগ থেকে এবার পরীক্ষা দিয়েছেন ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। এ বিভাগে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৭৪ শতাংশ। অর্থাৎ ৫১ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

Advertisements

অন্যদিকে বিজ্ঞান বিভাগে ফল তুলনামূলক ভালো হয়েছে। এ বিভাগ থেকে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ বিজ্ঞান বিভাগের প্রতি ১০০ জন পরীক্ষার্থীর প্রায় ৮১ জনই উত্তীর্ণ হয়েছেন।

ব্যবসায় শিক্ষা বিভাগে এবার পরীক্ষা দিয়েছেন ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জন। তাঁদের মধ্যে পাস করেছেন ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন। এ বিভাগে পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ইংরেজি ও গণিতে তুলনামূলক দুর্বল ফলাফল এবার সামগ্রিক পাসের হারেও প্রভাব ফেলেছে। সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফল প্রকাশের সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ বিষয়ে মন্তব্য করেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, মানবিক বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতে তুলনামূলক খারাপ করেছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক ফলাফলে।

Advertisements
ইংরেজি ও গণিতএসএসসি ও সমমানমানবিক