বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১০ আগস্ট, ২০২৬
স্বাস্থ্য

আক্কেল দাঁতের ব্যথায় ঘরেই মিলতে পারে সাময়িক স্বস্তি

WhatsApp Image 2026-08-10 at 5.52.20 PM

আক্কেল দাঁত ওঠার সময় মাড়ি ফুলে যাওয়া, তীব্র ব্যথা ও চোয়ালে অস্বস্তিতে ভোগেন অনেকেই। মাড়ির একেবারে শেষ প্রান্তে ওঠা এই দাঁত অনেক সময় সোজাভাবে না উঠে বাঁকা হয়ে বের হয়। এতে মাড়িতে চাপ পড়ে এবং শুরু হতে পারে তীব্র যন্ত্রণা।

দাঁতের ব্যথা শুরু হলে সবসময় তাৎক্ষণিকভাবে দন্ত চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। সে ক্ষেত্রে ঘরে থাকা কিছু সাধারণ উপাদান ও পদ্ধতি সাময়িকভাবে ব্যথা ও ফোলা কমাতে সহায়তা করতে পারে। তবে এগুলো কোনোভাবেই চিকিৎসার বিকল্প নয়।

লবণ পানিতে কুলকুচি

আক্কেল দাঁতের ব্যথা ও মাড়ির ফোলা কমাতে হালকা গরম লবণ পানি ব্যবহার করা যেতে পারে। এক গ্লাস হালকা গরম পানিতে আধা চা-চামচ লবণ মিশিয়ে ৩০ থেকে ৪০ সেকেন্ড কুলকুচি করে ফেলে দিতে পারেন। দিনে কয়েকবার এভাবে কুলি করলে মুখ পরিষ্কার রাখতে এবং অস্বস্তি কিছুটা কমাতে সহায়তা করতে পারে।

Advertisements

লবঙ্গ বা লবঙ্গের তেল

লবঙ্গে থাকা ইউজেনল ব্যথা কমাতে এবং আক্রান্ত স্থান সাময়িকভাবে অবশ করতে সাহায্য করতে পারে। আস্ত লবঙ্গ আক্রান্ত দাঁতের পাশে রেখে এর রস ধীরে ধীরে বের হতে দেওয়া যায়। লবঙ্গের তেল ব্যবহার করলে তুলোর ছোট বলে অল্প পরিমাণ তেল নিয়ে আক্রান্ত স্থানে কিছুক্ষণ রাখা যেতে পারে।

বরফের সেঁক

আক্কেল দাঁতের কারণে চোয়াল ফুলে গেলে বাইরে থেকে ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে। কাপড় বা তোয়ালে দিয়ে বরফ মুড়ে ব্যথার পাশের চোয়ালে ১০ থেকে ১৫ মিনিট ধরে রাখলে ফোলা ও ব্যথা সাময়িকভাবে কমতে পারে।

রসুনে সতর্কতা

রসুনে থাকা অ্যালিসিনসহ কিছু যৌগের জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা থাকলেও কাঁচা রসুন সরাসরি মাড়ি বা দাঁতে লাগানো নিরাপদ নয়। এতে মাড়িতে জ্বালা বা রাসায়নিক পোড়া হতে পারে। তাই সরাসরি মাড়িতে কাঁচা রসুন লাগানো এড়িয়ে চলাই ভালো।

ঠান্ডা টি-ব্যাগ

পেপারমিন্ট বা গ্রিন টি ব্যাগ ঠান্ডা করে আক্রান্ত মাড়ির ওপর কিছুক্ষণ রাখা যেতে পারে। ঠান্ডার কারণে ব্যথা ও ফোলার অনুভূতি সাময়িকভাবে কমতে পারে।

তবে এসব পদ্ধতি মূলত সাময়িক স্বস্তির জন্য। আক্কেল দাঁত বাঁকা হয়ে ওঠা, বারবার ব্যথা বা মাড়ি ফুলে যাওয়া, মুখ খুলতে সমস্যা, পুঁজ বের হওয়া বা জ্বরের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দীর্ঘস্থায়ী সমস্যার ক্ষেত্রে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা বা আক্কেল দাঁত অপসারণের সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসক।

Advertisements
দাঁতের ব্যথাস্বাস্থ্য