৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

চুল শুকানো বা জট ছাড়াতেই যেখানে অনেকের ধৈর্য শেষ হয়ে যায়, সেখানে প্রায় ৯ ফুট লম্বা চুল নিয়ে দিব্যি জীবন কাটাচ্ছেন ভারতের উত্তরাখণ্ডের রেনু ধারিয়াল। প্রায় ৮ ফুট ১০ ইঞ্চি বা ২৭১ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা চুলের জন্য জীবিত নারীদের মধ্যে সবচেয়ে লম্বা চুলের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড তাকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘ চুলের অধিকারীর সার্টিফিকেট দিয়েছে।

তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইউক্রেনের আলিয়িা নাসরোভা। তার চুল ৮ ফুট ৫.৩ ইঞ্চি লম্বা। রেনু জানিয়েছেন, ২০১৫ সাল থেকে তার চুল অব্যাহতভাবে লম্বা হচ্ছে। তিনি বলেছেন, ভারতে লম্বা চুলকে অত্যন্ত সুন্দরের প্রতীক হিসেবে ধরা হয়। এ কারণে তিনি নিজের চুল লম্বা করায় উদ্বুদ্ধ হয়েছেন।

রেনু বলেছেন, ২০১৫ সালের পর তিনি আর কখনো তার চুল কাটেননি। এছাড়া চুল পরিষ্কার ও পরিপাটি করতে কয়েক ঘণ্টা সময় লাগে বলেও জানিয়েছেন তিনি। রেনুর আগে ভারতের সবচেয়ে লম্বা চুলের বিশ্বরেকর্ডধারী ছিলেন স্মিত শ্রীবাস্তভ। তার চুল লম্বায় ৭ ফুট ৯ ইঞ্চি। ২০২৩ সালে তাকে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ সবচেয়ে লম্বা চুলের অধিকারীর খেতাব দিয়েছিল।



