সংগীতশিল্পী জুবিনের শ্রদ্ধায় ২৫ ফুট লম্বা গামছায় গান বুনেছেন নারী তাঁতি

প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ২৫ ফুট লম্বা বিশেষ গামছা বুনেছেন নারী তাঁতি ডালিমি লাহন গগৈ। প্রায় পাঁচ মাসের পরিশ্রমে তৈরি এই শিল্পকর্মে জুবিনের জনপ্রিয় ৯টি গানের কলি ও ৯টি স্মরণীয় উক্তি ফুটিয়ে তোলা হয়েছে। ‘মায়াবিনী’, ‘অন্ধ আকাশ’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান এতে স্থান পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গামছাটির ছবি ছড়িয়ে পড়ার পর প্রশংসা কুড়িয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১৯ সেপ্টেম্বর এক দুর্ঘটনায় প্রাণ হারান জুবিন গার্গ। প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে তার মৃত্যুর এক মাস পর গামছাটি বোনার কাজ শুরু করেন ডালিমি। দীর্ঘ পাঁচ মাসের পরিশ্রমে তৈরি হয়েছে এই বিশেষ শিল্পকর্ম।
শৈল্পিক কাজের মাধ্যমে জুবিনের স্মৃতিকে ধরে রাখাই ছিল ডালিমির মূল লক্ষ্য। গামছায় বোনা গানগুলোর মধ্যে রয়েছে ‘মায়াবিনী’, ‘অন্ধ আকাশ’, ‘মোমোর শকতি জ্বলে’, ‘দিয়া ঘুরাই দিয়া’সহ আরও কয়েকটি জনপ্রিয় গান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই শিল্পকর্মের ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা কুড়ায়।

এদিকে জুবিনের মৃত্যুর তিন মাস পর তাঁর স্ত্রী গারিমা ও ছোট বোন পামী বড়ঠাকুর একটি ট্রাস্ট গঠনের ঘোষণা দেন। এতে গায়কের ফ্যান ক্লাবের সদস্যরাও যুক্ত রয়েছেন। পাশাপাশি আসাম সরকার ও জুবিনের পরিবারের পক্ষ থেকে তাঁকে সম্মান জানাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
প্রয়াত এই শিল্পীর জীবন ও কর্মকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিনদা’। শ্রী প্রীতমের পরিচালনা, চিত্রনাট্য ও সংগীত পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছেন মো. ফারুক উদ্দিন। একজন সংগ্রামী গায়ক ও জুবিনের একনিষ্ঠ ভক্তকে কেন্দ্র করে এগিয়েছে এর গল্প।



