বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
জীবনযাপন

যেসব ‘স্বাস্থ্যকর’ খাবার আসলে ততটা পুষ্টিকর নয়

IMG_3190

স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়ার চেষ্টা করেন অনেকেই। তাই সাদা পাউরুটির বদলে ব্রাউন ব্রেড, বিস্কুটের বদলে এনার্জি বার কিংবা এক গ্লাস ফলের রস খেয়ে অনেকে মনে করেন, তাঁরা শরীরের জন্য ভালো কিছু করছেন। তবে বিশেষজ্ঞদের মতে, চটকদার বিপণন, আকর্ষণীয় প্যাকেজিং এবং ‘লো-ফ্যাট’, ‘মাল্টিগ্রেন’ বা ‘প্রাকৃতিক’—এ ধরনের শব্দের কারণে অনেক খাবারকে স্বাস্থ্যকর মনে হলেও বাস্তবে সেগুলো সবসময় ততটা পুষ্টিকর নয়।

ব্রাউন ব্রেড:
বেশিরভাগ মানুষ সাদা পাউরুটির তুলনায় ব্রাউন ব্রেডকে বেশি স্বাস্থ্যকর মনে করেন। কিন্তু অনেক ব্রাউন ব্রেডই ময়দা দিয়ে তৈরি হয় এবং ক্যারামেল বা গুড় ব্যবহার করে বাদামি রং দেওয়া হয়। ফলে পুষ্টিগুণের দিক থেকে তা সাদা পাউরুটির তুলনায় খুব বেশি আলাদা নাও হতে পারে। তাই রং দেখে নয়, উপাদানের তালিকা দেখে শতভাগ গমের তৈরি ব্রেড বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এনার্জি বার:
ব্যস্ত জীবনে সহজ স্ন্যাকস হিসেবে এনার্জি বার জনপ্রিয় হলেও সবগুলো স্বাস্থ্যকর নয়। অনেক এনার্জি বারে চিনি, সিরাপ, চকোলেট কোটিং ও বিভিন্ন প্রিজারভেটিভ থাকে। এমনকি কিছু বারে সাধারণ চকোলেট বারের কাছাকাছি পরিমাণেও চিনি থাকতে পারে।

স্বাদযুক্ত দই:
দই প্রোটিন, ক্যালসিয়াম ও অন্ত্রের জন্য উপকারী প্রোবায়োটিকে সমৃদ্ধ। তবে এতে অতিরিক্ত চিনি, ফলের সিরাপ বা কৃত্রিম ফ্লেভার যোগ করা হলে এর স্বাস্থ্যগত উপকারিতা কমে যেতে পারে। তাই স্বাদযুক্ত দইয়ের বদলে টকদই খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

Advertisements

প্যাকেটজাত ফলের রস:
অনেকেই ফলের বিকল্প হিসেবে প্যাকেটজাত ফলের রস পান করেন। কিন্তু প্রক্রিয়াজাত করার সময় ফলের বেশিরভাগ ফাইবার নষ্ট হয়ে যায়। পাশাপাশি অনেক জুসে অতিরিক্ত চিনি যোগ করা হয়। তাই ফলের রসের চেয়ে আস্ত ফল খাওয়াই বেশি উপকারী।

কম চর্বিযুক্ত খাবার:
‘লো-ফ্যাট’ লেখা থাকলেই কোনো খাবার স্বাস্থ্যকর হবে, এমন নয়। অনেক ক্ষেত্রে চর্বি কমানোর পর স্বাদ ধরে রাখতে তাতে অতিরিক্ত চিনি, লবণ বা স্টার্চ যোগ করা হয়। তাই কেবল লেবেল দেখে নয়, উপাদানের তালিকাও দেখে খাবার বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ভেজিটেবল চিপস:
বিটরুট, পালং শাক বা মিষ্টি আলুর চিপস স্বাস্থ্যকর স্ন্যাকস মনে হলেও এগুলো সাধারণত তেল, স্টার্চ ও অতিরিক্ত লবণ দিয়ে তৈরি করা হয়। ফলে এগুলো তাজা সবজির সমপরিমাণ পুষ্টিগুণ দিতে পারে না। বিশেষজ্ঞদের মতে, সবজির প্রকৃত উপকার পেতে তাজা সবজিই সবচেয়ে ভালো বিকল্প।

Advertisements
খাবারস্বাস্থ্য