‘জিসম ২’-এ কেন সানি লিওনি? এক দশক পর মুখ খুললেন মহেশ ভাট

বলিউডে সানি লিওনির অভিষেক ছিল বিতর্কে ঘেরা। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘জিসম ২’ সিনেমায় সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকাকে প্রধান চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল। এক দশকের বেশি সময় পর সেই সিদ্ধান্তের নেপথ্যের গল্প তুলে ধরেছেন নির্মাতা মহেশ ভাট।

সম্প্রতি ‘দ্য রাশম্মি বিরাগ শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ ভাট জানান, ‘জিসম ২’-এর কাজ তখন অনেকটাই এগিয়ে গিয়েছিল। তার মেয়ে পূজা ভাট সিনেমাটির প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন। এমনকি নায়িকা চূড়ান্ত হওয়ার আগেই রহস্যময় একটি সিলুয়েট পোস্টার প্রকাশ করে প্রচারণাও শুরু হয়েছিল। তাই দ্রুত প্রধান অভিনেত্রী নির্বাচন করা প্রয়োজন হয়ে পড়ে।
মহেশ ভাট বলেন, সেই সময় ‘বিগ বস ৫’-এ ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন সানি লিওনি। একজন সাবেক প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকাকে জনপ্রিয় পারিবারিক রিয়েলিটি শোতে আনা নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। এ সময় ভায়াকম১৮–এর প্রধান পরিচালন কর্মকর্তা রাজ নায়াক তাকে সানিকে সিনেমার জন্য বিবেচনা করার পরামর্শ দেন।

তবে সানির সঙ্গে সরাসরি দেখা করার পরই তার ধারণা বদলে যায়। মহেশের ভাষায়, কথা বলেই তার মনে হয়েছিল সানির অভিনয়ের সম্ভাবনা রয়েছে। এরপরই তিনি পূজা ভাটকে সানিকে ‘জিসম ২’-এর প্রধান চরিত্রে নেওয়ার পরামর্শ দেন।
মহেশ আরও জানান, ‘জিসম’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সানির সম্পর্ক আরও আগে থেকেই হওয়ার কথা ছিল। পূজা ভাট এর আগে জানিয়েছিলেন, ২০০৩ সালে মুক্তি পাওয়া প্রথম ‘জিসম’ সিনেমার নায়িকা হিসেবেও তাদের প্রথম পছন্দ ছিলেন সানি। কিন্তু সে সময় পেন্টহাউস ম্যাগাজিনের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তাকে নেওয়া সম্ভব হয়নি। পরে সেই ছবিতে অভিনয় করেন বিপাশা বসু ও জন আব্রাহাম।
মহেশ ভাটের মতে, ‘জিসম ২’ প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাওয়ার অন্যতম কারণ ছিল দর্শকের পূর্বধারণা। তার দাবি, দর্শকের একটি বড় অংশ সানির অতীত পরিচয়ের কারণে সিনেমাটি নিয়ে ভিন্ন প্রত্যাশা নিয়ে হলে গিয়েছিলেন। কিন্তু ছবিটি সেই প্রত্যাশার পথে না হাঁটায় হতাশা তৈরি হয়।
সমালোচনা থাকলেও বক্স অফিসে ছবিটির শুরু ছিল শক্তিশালী। মহেশের দাবি, মুক্তির প্রথম তিন দিন প্রায় সব শো হাউসফুল ছিল এবং মাঝারি বাজেটের সিনেমাটি প্রথম প্রদর্শনী পর্বেই প্রায় ৩০ কোটি রুপি আয় করেছিল।
সানিকে কাস্ট করাকে অনেকেই মহেশ ভাটের সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখলেও তিনি তা মানতে নারাজ। তার ভাষায়, এটি পরিকল্পিত সাহসিকতা নয়, বরং এক ধরনের কাকতালীয় ঘটনা। একই সঙ্গে তিনি বলেন, বলিউডে সানির অভিষেকের পুরো কৃতিত্ব তার নয়; সেই কৃতিত্ব প্রাপ্য পূজা ভাটের।
সাম্প্রতিক বছরগুলোতে অভিনেত্রী হিসেবে সানি লিওনির অগ্রগতিরও প্রশংসা করেছেন মহেশ ভাট। বিশেষ করে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ সিনেমায় তার অভিনয় এবং ছবিটির কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়াকে তিনি সানির ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেছেন।



